✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ১৯:৪১:০৮ |মেঘের ওপর থেকে উজ্জ্বল বেগুনি রঙের বিদ্যুতের ঝলকানি দেখতে সত্যি অসাধারণ লাগে। বিশাল মেঘরাশির ভেতর দিয়ে এমন চমৎকার এক বিদ্যুৎ চমকানোর দৃশ্য সম্প্রতি ক্যামেরাবন্দি করেছেন এক নভোচারী।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তোলা অসাধারণ এই দৃশ্যটি সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করেছেন ডন পেটিট। তিনি লিখেছেন, ‘আইএসএস থেকে নিচের দিকে তাকাতেই মেঘের ভেতর দিয়ে উজ্জ্বল বেগুনি বিদ্যুৎ চমকানোর এই দৃশ্যটি দেখা যায়।’
তিনি আরও জানান, বজ্রপাতসহ এই মেঘগুলো ৫০ হাজার ফুট পর্যন্ত উঁচুতে পৌঁছাতে পারে। সাধারণত বিমানগুলো এর চেয়ে অনেক নিচ দিয়ে চলাচল করে। তাই পৃথিবীর কক্ষপথ থেকেই এই অভাবনীয় দৃশ্য সবচেয়ে ভালো দেখা যায়।
বিদ্যুতের চমৎকার এই দৃশ্যটি নিখুঁতভাবে তুলে আনতে তিনি নাইকন জেড৯ ক্যামেরা ব্যবহার করেছেন। এতে ১/১২০০ সেকেন্ড শাটার স্পিড এবং প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেম রেটে ভিডিও রেকর্ড করা হয়।
কক্ষপথ থেকে তোলা ছবিতে বিশাল মেঘরাশির ভেতর দিয়ে উজ্জ্বল বেগুনি আলোর ঝলকানি স্পষ্টভাবে ফুটে উঠেছে। মহাকাশ থেকে পেটিটের ক্যামেরার জাদুতে এই সূক্ষ্ম বিষয়গুলো চমৎকারভাবে ধরা পড়েছে।
দারুণ এই ছবিটি দেখে সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরাও বেশ মুগ্ধ হয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটি দারুণ সুন্দর।’ আরেকজন একে ‘অসাধারণ’ বলে আখ্যা দিয়েছেন। তৃতীয় এক নেটিজেন লিখেছেন, ‘দৃশ্যটি সত্যিই অপূর্ব।’