✕


দ্রুতগতির বৈদ্যুতিক মাইক্রোকার আনছে ইলাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ০৮:৩৮:০৩ |

ছোট আকৃতির বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ইলাই ইলেকট্রিক ভেহিকলস তাদের জনপ্রিয় মাইক্রোকারের আরও দ্রুতগতির নতুন সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ইতালির মিলানে অনুষ্ঠেয় অটোমোবাইল প্রদর্শনী ইআইসিএমএর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি টিজারের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই মডেল যুক্ত হলে শহরভিত্তিক স্বল্পগতির সড়কের সীমাবদ্ধতা পেরিয়ে তুলনামূলক দ্রুতগতির সড়কেও যাতায়াত সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ইলাই জিরো এমএক্স’ নামের একটি নতুন এল৭ই শ্রেণির মাইক্রোকার তাদের গাড়ির সারিতে যুক্ত হতে যাচ্ছে। পাশাপাশি বিশেষ ‘রেস এডিশন’ সংস্করণের টিজারও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রচারণামূলক ছবিতে স্পোর্টি নকশা, লাল রঙের ডোরা এবং খোলামেলা কেবিনসহ একটি আকর্ষণীয় গাড়ি দেখা গেছে। তবে রেস এডিশনটি কেবল বাহ্যিক নকশার পরিবর্তন, নাকি এতে অতিরিক্ত ক্ষমতা ও গতির সক্ষমতা যোগ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ইলাই জিরোর আগের সংস্করণটি ছিল এল৬ই শ্রেণির লাইট কোয়াড্রিসাইকেল। এটির সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ৪৫ কিলোমিটার। দুই আসনবিশিষ্ট এই কমপ্যাক্ট গাড়িটি শহরের ভেতরে চলাচলের জন্য উপযোগী হলেও গতিসীমার কারণে বড় ও দ্রুতগতির সড়কে চলাচলে সীমাবদ্ধতা ছিল। তবে নতুন এল৭ই শ্রেণির গাড়িগুলো সাধারণত ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম।

নতুন এই পরিবর্তন ইলাইয়ের মাইক্রোকারকে আরও বেশি ব্যবহারযোগ্য ও কার্যকর করে তুলবে। ইলাইয়ের ইতালিভিত্তিক ওয়েবসাইটে ইতোমধ্যে ঘণ্টায় ৮৫ কিলোমিটার গতিসম্পন্ন এবং একবার চার্জে ২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম একটি এল৭ই মডেলের তথ্য দেখা গেছে। নতুন জিরো এমএক্স মডেলেও এই বৈশিষ্ট্যগুলো থাকবে কি না, তা টিজারে নিশ্চিত করা হয়নি।

তবে এই বৈশিষ্ট্যগুলো থাকলে শহরের যানজটে সহজে পার্কিংয়ের সুবিধা পাওয়ার পাশাপাশি দ্রুতগতির সড়কগুলোতেও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা সম্ভব হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইআইসিএমএ প্রদর্শনীতে নতুন এই দুটি মডেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। আগের গতিসীমার সীমাবদ্ধতা পেরিয়ে নতুন এই স্পোর্টি ও গতিশীল মাইক্রোকার শহুরে যাতায়াতের ধারণায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন অটোমোবাইল খাতের বিশ্লেষকরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..