✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ০৮:৩৬:০০ |চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান বিওয়াইডি বাজারে আনতে যাচ্ছে নতুন বিলাসবহুল বৈদ্যুতিক এসইউভি ‘ডেনজা এন৮ ইভি’। প্রতিষ্ঠানটির বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড ডেনজা মডেলটিকে পাঁচ আসনের বৈদ্যুতিক গাড়ির রাজা হিসেবে অভিহিত করেছে।
ডেনজার মহাব্যবস্থাপক লি হুই জানিয়েছেন, গত সপ্তাহে গাড়িটির প্রি-অর্ডার শুরু হওয়ার পর থেকেই ক্রেতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তার মতে, এটি চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত বিলাসবহুল বৈদ্যুতিক এসইউভি। বিওয়াইডির দ্বিতীয় প্রজন্মের ব্লেড ব্যাটারি ব্যবহার করায় গাড়িটি একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ১ হাজার ৩ কিলোমিটার পথ চলতে পারবে। আগের প্লাগ-ইন হাইব্রিড মডেলের সমান দূরত্ব অতিক্রম করতে সক্ষম হলেও নতুন সংস্করণটি পুরোপুরি ব্যাটারিচালিত।
চীনের আগ্রহী ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণাও দিয়েছে বিওয়াইডি। মাত্র ২ হাজার ইউয়ান জমা দিয়ে গাড়িটি বুকিং দিলে ক্রেতারা সর্বোচ্চ ৫ হাজার ইউয়ান পর্যন্ত মূল্যছাড় পাবেন। আকারের দিক থেকে ডেনজা এন৮-এর দৈর্ঘ্য ৫ হাজার ১৫০ মিলিমিটার, প্রস্থ ১ হাজার ৯৯৯ মিলিমিটার এবং উচ্চতা ১ হাজার ৮২০ মিলিমিটার। গাড়িটির হুইলবেস ৩ হাজার ৭৫ মিলিমিটার, যা কিয়া ইভি৯ ও হুন্দাই আয়নিক ৯-এর তুলনায় কিছুটা বেশি।
ক্রেতাদের চাহিদা অনুযায়ী গাড়িটি রিয়ার-হুইল ড্রাইভ ও অল-হুইল ড্রাইভ–দুই সংস্করণে পাওয়া যাবে। রিয়ার-হুইল ড্রাইভ সংস্করণে থাকা একক মোটরটি ৩২০ অথবা ৩৭০ কিলোওয়াট শক্তি উৎপাদনে সক্ষম। অন্যদিকে, বিওয়াইডির ই-থ্রি প্ল্যাটফর্মে তৈরি তিন মোটরের অল-হুইল ড্রাইভ সংস্করণটি সম্মিলিতভাবে ৮৯০ কিলোওয়াট বা প্রায় ১ হাজার ১৯৩ হর্সপাওয়ার শক্তি উৎপাদন করতে পারবে।
চলতি বছরের শুরুতে প্রকাশিত নিয়ন্ত্রক সংস্থার নথি অনুযায়ী, গাড়িটিতে ১৩০ দশমিক ১৫ কিলোওয়াট-আওয়ার ও ১০৫ দশমিক ৭৯ কিলোওয়াট-আওয়ার ক্ষমতার দুটি ব্লেড ২.০ ব্যাটারি থাকছে। বড় ব্যাটারিতে গাড়িটি ১ হাজার ৩ কিলোমিটার এবং ছোট ব্যাটারিতে ৮০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। গাড়িটিতে বিওয়াইডির সর্বশেষ ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। ফলে মাত্র ৫ মিনিটে গাড়িটিরব্যাটারি ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। অন্যদিকে, ৯৭ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৯ মিনিট।
পাঁচ আসনের এই বিলাসবহুল এসইউভির অভ্যন্তরীণ নকশায় রয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। ড্যাশবোর্ডের যাত্রী অংশজুড়ে রয়েছে বিশাল ৩০ ইঞ্চির ইনফোটেইনমেন্ট পর্দা। এছাড়া উইন্ডশিল্ডের নিচে যুক্ত করা হয়েছে ৪৩ ইঞ্চির প্যানোরামিক হেড-আপ ডিসপ্লে। আরামদায়ক ভ্রমণের জন্য প্রতিটি সারিতে রয়েছে জিরো গ্র্যাভিটি আসন। পাশাপাশি ওয়্যারলেস ফোন চার্জার ও অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের সুবিধাও রাখা হয়েছে।
নিরাপত্তার জন্য গাড়িটির ছাদে লিডার সেন্সর বসানো হয়েছে। এটি বিওয়াইডির ‘গডস আই ৫.০’ ইন্টেলিজেন্ট ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট ব্যবস্থাকে কার্যকর রাখতে সহায়তা করবে। মসৃণ যাত্রার জন্য এতে ডিসাস-এ এয়ার সাসপেনশন প্রযুক্তিও থাকছে। বিওয়াইডি এখনো গাড়িটির চূড়ান্ত দাম ঘোষণা করেনি। তবে ধারণা করা হচ্ছে, এর দাম ২ লাখ ৯৯ হাজার ৮০০ ইউয়ান থেকে শুরু হওয়া বর্ধিত সংস্করণের ডেনজা এন৮এলের তুলনায় কিছুটা কম হবে।