✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ০৮:৩৭:১২ |চালকহীন রোবোট্যাক্সি পরীক্ষার নতুন উদ্যোগ ঘোষণা করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা এবং গুগলের স্বচালিত গাড়ি প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েমো। যৌথ এই সমঝোতার আওতায় জাপানে বৈদ্যুতিক গাড়ি ‘বিজেডফোরএক্স’-এর চালকহীন সংস্করণ পরীক্ষা শুরু করবে প্রতিষ্ঠান দুটি। পরবর্তী সময়ে যুক্তরাজ্যসহ ডানহাতি ড্রাইভের অন্যান্য বাজারেও এই রোবোট্যাক্সি সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।
বিজেডফোরএক্স হলো সুবারুর সঙ্গে যৌথভাবে তৈরি ই-টিএনজিএ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে নির্মিত টয়োটার প্রথম উৎপাদিত বৈদ্যুতিক গাড়ি। জাপানের আইচি প্রিফেকচারের তোয়োটা সিটিতে অবস্থিত তাকাওকা কারখানায় এই মডেলের নতুন ইউনিটগুলো তৈরি করবে টয়োটা। সেখানে গাড়িগুলো সংযোজনের পাশাপাশি ওয়েমোর স্বয়ংক্রিয় ড্রাইভিং হার্ডওয়্যার ও প্রযুক্তি যুক্ত করা হবে।
প্রতিষ্ঠান দুটির যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টয়োটার বিশ্বমানের গাড়ি উৎপাদন দক্ষতার সঙ্গে ওয়েমোর লেভেল-৪ স্বচালিত প্রযুক্তির সমন্বয় নিরাপদ চালকহীন গাড়ির বৈশ্বিক বিস্তার ত্বরান্বিত করবে। এর মাধ্যমে উন্নত প্রযুক্তি ও গাড়ি শিল্পের সমন্বয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
নতুন এই বহর যুক্ত হলে জাপানে ওয়েমোর উপস্থিতি আরও শক্তিশালী হবে। এর আগে সংস্থাটি জাগুয়ার আই-পেস মডেলের চালকহীন গাড়ি দিয়ে টোকিও শহরের স্থানীয় ট্যাক্সিচালকদের মাধ্যমে নিজেদের সফটওয়্যার প্রশিক্ষণের কাজ শেষ করেছে। ওই দীর্ঘ অনুশীলনের ধারাবাহিকতায় খুব শিগগিরই টোকিওতে বাণিজ্যিকভাবে রাইড-শেয়ারিং সেবা শুরু করতে যাচ্ছে ওয়েমো। এই বাণিজ্যিক বহরে পরবর্তী সময়ে নতুন বিজেডফোরএক্স মডেলও যুক্ত করা হবে।