✕


বৈদ্যুতিক মোটরসাইকেলের অভিনব নকশার ধারণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ০৮:৩৪:৩৮ |

বৈদ্যুতিক দুই চাকার বাহনের ভবিষ্যৎ কেমন হতে পারে, তার অভিনব ধারণা সামনে এনেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। ইতালির মিলানে অনুষ্ঠিত ইআইসিএমএ মোটর শোতে হোন্ডার নতুন ‘ইভি আউটলায়ার কনসেপ্ট’ মডেলটি দর্শনার্থীদের নজর কাড়ে। গত বছর জাপানের একটি প্রদর্শনীতে প্রথমবারের মতো এই ব্যতিক্রমী মোটরসাইকেলটি জনসমক্ষে উন্মোচন করা হয়।

প্রচলিত মোটরসাইকেলে সাধারণত ইঞ্জিনের জায়গায় ব্যাটারি ও বৈদ্যুতিক মোটর বসানো হয়। তবে হোন্ডা এই প্রচলিত ধারণা থেকে বেরিয়ে ভিন্নধর্মী নকশা তৈরি করেছে। ২০৩০ সালের পরের সময়কে সামনে রেখে বৈদ্যুতিক মোটরসাইকেলের সম্ভাব্য ভবিষ্যৎ রূপ তুলে ধরা হয়েছে এই কনসেপ্টে।

মোটরসাইকেলটির পেছনের চাকায় শক্তি সরবরাহের জন্য প্রচলিত মধ্যবর্তী মোটর ব্যবহার করা হয়নি। এর পরিবর্তে সামনের ও পেছনের চাকায় পৃথক মোটর যুক্ত করা হয়েছে। ফলে দুই চাকাতেই শক্তি সরবরাহ করা সম্ভব হচ্ছে, যা অল হুইল ড্রাইভ ব্যবস্থার মতো কাজ করে। মাঝখানের বড় কালো অংশে ব্যাটারি স্থাপন করা হয়েছে। এর ফলে চালকের আসনটি প্রচলিত মোটরসাইকেলের তুলনায় অনেক নিচুতে রাখা সম্ভব হয়েছে।

নতুন এই নকশার মূল দর্শনে তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছে হোন্ডা। এর মধ্যে ‘গ্লাইডিং’ বা সাবলীল চলাচল বলতে বৈদ্যুতিক মোটরসাইকেলের নিঃশব্দ ও মসৃণভাবে চলার অভিজ্ঞতাকে বোঝানো হয়েছে। সামনের ও পেছনের পৃথক মোটরের কারণে মোটরসাইকেলটি দ্রুত গতি অর্জন করতে পারে এবং তাৎক্ষণিকভাবে বেশি টর্ক সরবরাহ করতে সক্ষম। এছাড়া চালকের আসন নিচু রাখার মাধ্যমে ভিন্নধর্মী চালনার অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দ্রুত গতি বাড়ানোর সময় চালককে সহায়তা করতে এতে বাক্সের মতো আকৃতির বিশেষ ব্যাকরেস্ট বা পিঠে হেলান দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে চালক মোটরসাইকেলটি সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। নিরাপত্তা ও সুবিধার জন্য প্রচলিত আয়নার পরিবর্তে ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রশস্ত ডিজিটাল ড্যাশবোর্ডে মোটরসাইকেলের গতি, চালনার ধরন এবং দুই চাকার কার্যক্রমের তাৎক্ষণিক তথ্য দেখা যায়।

তবে এই নকশায় মোটরসাইকেলটি সরাসরি বাজারে আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়। কারণ, এটি মূলত ভবিষ্যতের প্রযুক্তি ও নকশার সম্ভাবনা তুলে ধরার একটি কনসেপ্ট মডেল। প্রচলিত ইঞ্জিন ও জ্বালানি ট্যাংকের সীমাবদ্ধতা ছাড়াই বৈদ্যুতিক ড্রাইভট্রেন ব্যবহার করে কীভাবে নতুন নকশার মোটরসাইকেল তৈরি করা যায়, হোন্ডা এই কনসেপ্টের মাধ্যমে সেটিই তুলে ধরেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..