✕


বৈদ্যুতিক স্পোর্টস কার আনছে পোলস্টার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ০৮:২৭:১৭ |

ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়ির নকশার ধারণা সামনে এনেছে সুইডিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোলস্টার। সম্প্রতি ‘ফর্মুলা ২০৩০’ নামের একটি নতুন কনসেপ্ট কার উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এই কনসেপ্টের নকশার আদলে ২০২৭ সালে নতুন প্রজন্মের ‘পোলস্টার টু’ এবং পরবর্তী সময়ে ‘পোলস্টার সেভেন’ এসইউভি বাজারে আনার পরিকল্পনা রয়েছে। নতুন গাড়িটির নকশায় নিচু গড়নের চার দরজার স্পোর্টস কারের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।

গাড়িটির দৈর্ঘ্য ৪ হাজার ৬৮০ মিলিমিটার এবং উচ্চতা ১ হাজার ৩৫০ মিলিমিটার। এর প্রশস্ত গড়ন ও লম্বা হুড গাড়িটিকে ক্ল্যাসিক স্পোর্টস কারের মতো চেহারা দিয়েছে। সামনের অংশে রয়েছে ‘ডুয়েল ব্লেড’ হেডলাইট এবং পেছনে ব্যবহার করা হয়েছে নতুন ‘সিঙ্গেল ব্লেড’ লাইট। স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালানোর জন্য সামনের অংশে লিডার সেন্সর যুক্ত করা হয়েছে। এছাড়া গাড়িটির পেছনের দরজাগুলো বিপরীত দিকে খোলে এবং এতে কোনো বি-পিলার নেই।

গাড়িটির অভ্যন্তরীণ নকশায় চালকের সুবিধাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। টাচস্ক্রিনের ওপর নির্ভরতা কমাতে কেবিনে ফিরিয়ে আনা হয়েছে বেশ কিছু প্রচলিত বোতাম বা ফিজিক্যাল বাটন। চালক নিজের পছন্দ অনুযায়ী এসব বাটনের কাজ নির্ধারণ করতে পারবেন। স্টিয়ারিং কলামের সঙ্গে যুক্ত করা হয়েছে ২০ ইঞ্চির বাঁকানো পর্দা। এছাড়া মাঝখানে রয়েছে ১২ দশমিক ২ ইঞ্চির আরেকটি পর্দা। ড্রাইভিং মোড পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্টিয়ারিং ও আসনের অবস্থানও পরিবর্তিত হবে।

তবে নতুন এই কনসেপ্ট কারের ব্যাটারি, মোটর ও দাম সম্পর্কে এখনো কোনো প্রযুক্তিগত তথ্য প্রকাশ করেনি পোলস্টার। এটি মূলত ভবিষ্যতের গাড়ির নকশা ও প্রযুক্তির ধারণা তুলে ধরার একটি পরীক্ষামূলক মডেল। এই কনসেপ্টের বেশ কিছু নকশাগত বৈশিষ্ট্য ২০২৭ সালে বাজারে আসতে যাওয়া নতুন পোলস্টার মডেলগুলোয় দেখা যেতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..