✕


ইউরোপে পেট্রলচালিত গাড়ি বন্ধ করছে সুবারু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ০৮:৩৯:১২ |

২০২৭ সালের মধ্যে ইউরোপের বাজারে পেট্রলচালিত গাড়ি বিক্রি বন্ধ করার পরিকল্পনা নিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুবারু। প্রতিষ্ঠানটি ইউরোপের বাজারে বৈদ্যুতিক গাড়ির (ইভি) দিকে ঝুঁকছে।

জাপানের এই ব্র্যান্ডটির আউটব্যাক ও ফরেস্টারের মতো জনপ্রিয় মডেল বিশ্বজুড়ে পরিচিত। ইউরোপে তাদের বিক্রির পরিমাণ খুব বেশি না হলেও বিশেষ করে ‘বক্সার’ ইঞ্জিনের জন্য সুবারুর রয়েছে আলাদা সুনাম। ফলে প্রচলিত জ্বালানিচালিত গাড়ি থেকে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরের এই পরিকল্পনাকে অটোমোবাইল খাতের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ ইউরোপের বাজার থেকে আউটব্যাক মডেলটি সরিয়ে নেওয়া হবে। এরপর ২০২৭ সালের মধ্যে ইমপ্রেজা, ক্রসট্রেক ও ফরেস্টার মডেলগুলোর বিক্রি পর্যায়ক্রমে বন্ধ করা হবে। ২০২৮ সাল থেকে ব্র্যান্ডটি ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুধু তিনটি সম্পূর্ণ বৈদ্যুতিক মডেল বিক্রি করবে। মডেলগুলো হলো সলটেরা, ই-আউটব্যাক ও আনচার্টেড। এসব বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তি উন্নয়নে টয়োটার সঙ্গে যৌথভাবে কাজ করেছে সুবারু।

সুবারু জানিয়েছে, ইউরোপের কঠোর কার্বন নিঃসরণ নীতি ও নিরাপত্তাবিধির কারণে তাদের এই রূপান্তরের পথে যেতে হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন গাড়ি থেকে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এছাড়া সব গাড়িতে উন্নত ড্রাইভার অ্যাসিস্ট্যান্স প্রযুক্তি ও নিরাপত্তাব্যবস্থা রাখার বাধ্যবাধকতা রয়েছে।

তবে ভবিষ্যতে নিজেদের গাড়ির প্রযুক্তি আরও উন্নত করতে টয়োটার সঙ্গে যৌথ উদ্যোগের পাশাপাশি নিজস্ব বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিও উদ্ভাবন করবে বলে জানিয়েছে সুবারু। নতুন ব্যাটারি ও মোটরের সমন্বয়ে প্রতিষ্ঠানটি নিজস্ব বৈদ্যুতিক গাড়ির প্ল্যাটফর্ম তৈরি করবে। দ্রুত পরিবর্তনশীল বাজারে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই তারা এই প্রযুক্তিগত পথে এগোচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..