✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৬, | ১৯:৫৯:৫৩ |কুয়াশার সঙ্গে হিমেল বাতাস, শীতের আগমনী বার্তা এখন স্পষ্ট চুয়াডাঙ্গায়। তাপমাত্রা নেমে আসায় জনজীবনে বাড়ছে শীতের প্রভাব। বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এ অবস্থায় শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন শিশু ও বয়স্করা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন জীবনে শীত বাড়িয়েছে দুর্ভোগ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি জানান, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বেড়েছে।
শীতের প্রভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। গত সপ্তাহের তুলনায় হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসছেন তারা।