বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যা ও ধর্মীয় সচেতনতার প্রভাবে দ্রুত সম্প্রসারিত হচ্ছে হালাল ওষুধের বৈশ্বিক বাজার। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইঙ্কউড রিসার্চের এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ থেকে ২০৩২ সালের মধ্যবর্তী সময়ে বৈশ্বিক হালাল ফার্মাসিউটিক্যালস (হালাল ওষুধ) বাজারের বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ৯ দশমিক ৭৫ শতাংশ হবে।
গবেষণায় হালাল ওষুধ খাতের উদীয়মান প্রবণতাগুলো, উদ্ভাবনে নেতৃত্বদানকারী শীর্ষ কম্পানিগুলোর পরিচয় এবং হালাল ওষুধ বাজারের ভবিষ্যত্ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রযুক্তি ও নতুন নতুন সমাধান বিশ্বব্যাপী বিভিন্ন শিল্পখাতকে যেভাবে রূপান্তরিত করছে তার আলোকে সংশ্লিষ্ট অংশীজন, বিনিয়োগকারী ও আগ্রহী ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি ও প্রবৃদ্ধির সুযোগগুলো তুলে ধরা হয়েছে।
হালাল ফার্মাসিউটিক্যালস বলতে এমন সব ওষুধকে বোঝায়, যেগুলো ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী প্রস্তুত ও উত্পাদিত হয়। এসব ওষুধে ব্যবহূত প্রতিটি উপাদান এবং পুরো উত্পাদন প্রক্রিয়া হালাল মানদণ্ড অনুসরণ করে। খাদ্যসংক্রান্ত ধর্মীয় বিধান মেনে চলতে আগ্রহী মুসলিম ভোক্তাদের মধ্যে এই ধরনের ওষুধের চাহিদা ক্রমেই বাড়ছে।
হালাল ওষুধের বৈশ্বিক বাজারে বর্তমানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সবচেয়ে এগিয়ে রয়েছে। বিশেষ করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া হালাল সনদপ্রাপ্ত ওষুধের চাহিদায় শীর্ষস্থান দখল করেছে। এই দুই দেশে বিপুল মুসলিম জনসংখ্যা এবং শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো বিদ্যমান, যা হালাল ফার্মাসিউটিক্যাল শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
হালাল ফর্মুলেশনে বায়োলজিকস ও বায়োসিমিলার ওষুধের প্রতি ক্রমবর্ধমান গুরুত্ব বাজারে নতুন উদ্ভাবনের পথ তৈরি করছে। উন্নত চিকিত্সার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কম্পানি এমন বায়োলজিক ও বায়োসিমিলার ওষুধ তৈরি করছে, যা একদিকে কার্যকর চিকিত্সা নিশ্চিত করছে, অন্যদিকে ইসলামী খাদ্যবিধিও অনুসরণ করছে।
বর্তমানে ভোক্তাদের মধ্যে নৈতিকভাবে উত্পাদিত এবং ক্লিন-লেবেল পণ্যের প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে, যা হালাল ফার্মাসিউটিক্যালস বাজারকে নতুনভাবে প্রভাবিত করছে। মানুষ এখন তাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অধিক স্বচ্ছতা, সততা ও নৈতিক মানদণ্ড প্রত্যাশা করছে। ফলে প্রাকৃতিক, টেকসই উপাদান দিয়ে তৈরি, অপ্রয়োজনীয় সংযোজক ও ক্ষতিকর রাসায়নিকমুক্ত হালাল সনদপ্রাপ্ত ওষুধের চাহিদা বাড়ছে।
মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের হালাল ফার্মাসিউটিক্যালস বাজার ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে। এর প্রধান কারণ হলো এই অঞ্চলে বিপুল মুসলিম জনসংখ্যার উপস্থিতি এবং ধর্মীয় বিধানসম্মত স্বাস্থ্যসেবা পণ্যের চাহিদা বৃদ্ধি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ বিভিন্ন দেশের সরকার হালাল ওষুধের উত্পাদন ও বাজারজাতকরণে সহায়ক নীতিমালা ও বিধিবিধান প্রণয়ন করছে।
স্থানীয় উত্পাদকদের পাশাপাশি আন্তর্জাতিক কম্পানিগুলোও বাজারের সম্ভাবনা কাজে লাগাতে বিভিন্ন ধরনের হালাল সনদপ্রাপ্ত ওষুধ বাজারে আনছে। বিভিন্ন ডোজেজ ফর্মে এসব ওষুধ সরবরাহ করা হচ্ছে, যাতে ভোক্তাদের বহুমুখী চিকিত্সা চাহিদা পূরণ করা যায়।
হালাল মানদণ্ডের প্রতি অঞ্চলের দৃঢ় সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গীকারের কারণে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা ভবিষ্যতে বৈশ্বিক হালাল ফার্মাসিউটিক্যালস বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র : ইঙ্কউড রিসার্চ ডটকম
এ জাতীয় আরো খবর..