মাদারীপুরের শিবচর উপজেলায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এক অভিনব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের কট্টর আর্জেন্টিনা সমর্থক রবিন চৌধুরী প্রকাশ্যে দল বদলের ঘোষণা দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ইরান ফুটবল দলের সমর্থক হয়েছেন।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বাহাদুরপুর এলাকায় নিজের বাড়িতে এই ব্যতিক্রমী আয়োজন করেন রবিন। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দুধ দিয়ে গোসল করার ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে।
রবিন চৌধুরী জানান, মূলত আর্জেন্টিনার প্রেসিডেন্টের রাজনৈতিক অবস্থানের প্রতিবাদ জানাতেই তিনি এই প্রতীকী কর্মসূচি পালন করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে আর্জেন্টিনার প্রেসিডেন্টের ইসরায়েলপন্থী অবস্থান আমি একজন মুসলমান হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারিনি। ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা ও গণহত্যার পরও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইসরায়েলকে সমর্থন দিয়েছেন। তাই আজ থেকে আমি দুধ দিয়ে গোসল করে আজীবনের জন্য আর্জেন্টিনাকে বিদায় জানালাম এবং ইরান ফুটবল দলকে সমর্থনের সিদ্ধান্ত নিলাম।
আর্জেন্টিনা ছেড়ে ইরানের সমর্থক হওয়ার এই ঘোষণা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তুমুল কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে—অনেকেই যেমন এই কাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই কেউ কেউ একে ব্যক্তিগত পছন্দ ও রাজনৈতিক মতামতের স্বাধীনতা হিসেবে দেখছেন।
এ জাতীয় আরো খবর..