বিশ্বকাপের ফাইনালের জন্য পেছাল ফাইনাল পরীক্ষা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৩, | ২৩:৪৬:০৪ |
আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সেই ম্যাচ নির্বিঘ্নে উপভোগের সুযোগ করে দিতেই ২০ ও ২১ জুলাই নির্ধারিত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে ভারতের কলকাতার ঐতিহ্যবাহী সাউথ পয়েন্ট হাই স্কুল। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, চলমান ফুটবল বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে পূর্বনির্ধারিত পরীক্ষা পিছিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। 

বর্তমান সময়ে স্মার্টফোন ও ডিজিটাল বিনোদনের কারণে শিশু-কিশোরদের মাঠমুখী হওয়ার প্রবণতা কমে যাচ্ছে—এমন উদ্বেগের মধ্যেই ফুটবলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতের কলকাতার ঐতিহ্যবাহী সাউথ পয়েন্ট হাই স্কুল।

স্কুলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দুই দিনের সামেটিভ ইভালুয়েশন ও প্রি-মিডটার্ম টেস্ট নতুন সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ২৯ জুলাই এবং ২১ জুলাইয়ের পরীক্ষা হবে ৩০ জুলাই।

এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে স্কুলের অধ্যক্ষ জয়দেব ঘোষ বলেন, তারা চান শিক্ষার্থীরা ফুটবলের মতো দলগত খেলায় আরও বেশি আগ্রহী হয়ে উঠুক। তার ভাষায়, ফুটবল শুধু জয়-পরাজয়ের খেলা নয়, এটি একসঙ্গে চলা, সহযোগিতা ও দলগত মানসিকতা গড়ে তোলার শিক্ষা দেয়।

তিনি বলেন, বর্তমানের ভার্চুয়াল দুনিয়ায় শিশুরা ক্রমেই একাকী হয়ে পড়ছে। ফুটবল তাদের একসঙ্গে কাজ করা ও সামাজিক বন্ধন গড়ে তোলার মূল্যবোধ শেখাতে পারে।

অধ্যক্ষ আরও জানান, ফাইনালের পরদিন পরীক্ষা থাকলে অনেক শিক্ষার্থী গভীর রাত পর্যন্ত খেলা দেখতে পারত না। আবার অনেক অভিভাবকও পরীক্ষার কারণে সন্তানদের খেলা দেখার অনুমতি দিতে অনীহা প্রকাশ করতেন। তাই শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও আনন্দের কথা বিবেচনায় নিয়েই পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সব শিক্ষার্থী হয়তো ফুটবল দেখে না। তবে এই উদ্যোগের মাধ্যমে অন্তত কিছু শিক্ষার্থার মধ্যেও যদি মাঠের খেলাধুলার প্রতি নতুন আগ্রহ তৈরি হয়, তাহলেই স্কুলের উদ্দেশ্য সফল হবে।

সাউথ পয়েন্ট হাই স্কুলের এই সিদ্ধান্ত ইতোমধ্যেই অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে এবং শিক্ষার্থীদের মাঠমুখী করতে এটি একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..