নেইমার যুগের অবসান, ভিনির কাঁধে নেতৃত্ব: সামনে নরওয়ের পরীক্ষা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৫, | ১৩:৪০:৫১ |

২০০২ সালে ইয়োকোহামায় জার্মানিকে হারিয়ে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে ২৪ বছর। এই সময়ে বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ইউরোপীয় প্রতিপক্ষকে হারাতে পারেনি সেলেসাওরা। ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, বেলজিয়াম, ক্রোয়েশিয়ার কাছে একের পর এক বিদায়ের হতাশা এবার পেছনে ফেলতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই লক্ষ্য নিয়েই আজ শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। আর দলটির সবচেয়ে বড় ভরসা কোচ কার্লো আনচেলত্তি।

কাতার বিশ্বকাপের পর ব্রাজিল ফুটবল অস্থির সময় পার করেছে। একের পর এক কোচ পরিবর্তন, অসংখ্য ফুটবলারকে জাতীয় দলে সুযোগ দেওয়া এবং সিবিএফের প্রশাসনিক অস্থিরতার মধ্যেই দায়িত্ব নেন আনচেলত্তি। এরপর থেকেই অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে নতুন ভারসাম্য এনে দলকে বদলে দিয়েছেন ইতালিয়ান এই কোচ।

মানসিক দৃঢ়তায় বিশেষ গুরুত্ব

আনচেলত্তির বিশ্বাস, প্রতিভা নয়, বিশ্বকাপ জিততে সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক দৃঢ়তা। সে কারণেই ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার কোচিং স্টাফে একজন পেশাদার নারী ক্রীড়া মনোবিজ্ঞানী মারিসা সান্তিয়াগোকে যুক্ত করেছেন তিনি।

খেলোয়াড়দের মানসিক চাপ কমানো এবং ড্রেসিংরুমের পরিবেশ ইতিবাচক রাখতে নিয়মিত তার সঙ্গে কাজ করছেন আনচেলত্তি। দলের ভেতরে এই পরিবর্তনের ইতিবাচক প্রভাবও দেখা যাচ্ছে মাঠের খেলায়।

ড্রেসিংরুমে বদলে যাওয়া ব্রাজিল

আগে প্রথমে গোল হজম করলেই ছন্দ হারিয়ে ফেলত ব্রাজিল। ২০২৩ সালের পর প্রথমে পিছিয়ে পড়া ১২ ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছিল তারা।

তবে জাপানের বিপক্ষে সেই চিত্র বদলে যায়। প্রথমার্ধে পিছিয়ে থেকেও বিরতিতে আনচেলত্তির শান্ত ও আত্মবিশ্বাসী বার্তায় ঘুরে দাঁড়ায় দল। পরে জয়ও তুলে নেয় সেলেসাওরা।

জয়সূচক গোলদাতা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি বলেন, বিরতিতে কোচ আমাদের বলেছিলেন আমরা ম্যাচে ফিরব এবং জিতব। তার আত্মবিশ্বাস আমাদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল।

নতুন নেতৃত্বে ব্রাজিল

আনচেলত্তি আবেগ নয়, পারফরম্যান্সকে গুরুত্ব দিচ্ছেন। সে কারণেই ফর্ম ও শারীরিক অবস্থার বিবেচনায় নেইমারকে নিয়মিত একাদশের বাইরে রেখেছেন।

দলের আক্রমণের নেতৃত্ব এখন ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। অন্যদিকে নেইমারও নতুন ভূমিকায় দলের ভেতরের পরিবেশ ইতিবাচক রাখতে অবদান রাখছেন।

আজ নরওয়ের বিপক্ষে জয় পেলে শুধু শেষ আটের পথই খুলবে না, ২৪ বছরের ইউরোপীয় ট্রমা কাটিয়ে হেক্সা জয়ের স্বপ্নও নতুন করে ডানা মেলবে ব্রাজিলের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..