জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৪, | ১২:৫২:৫৬ |
জুলাই আন্দোলনকে কটাক্ষ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য এবং অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের তিন পদধারী ব্যক্তি এ অভিযোগ দায়ের করেন। তারা হলেন— সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা।

শনিবার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে অবমাননা ও কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য ও পোস্ট প্রকাশ করেছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে। অভিযোগে উল্লেখিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বক্তব্য ও সংশ্লিষ্ট লিংকগুলো সাইবার বিভাগ যাচাই-বাছাই করবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘একটি জিডি হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..