✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ২১:৩৪:০৬ |চীনে উন্নত প্রযুক্তির চিপ রফতানি এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পুনর্নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে তদন্তের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস।
আগামী ৩ ডিসেম্বর সিনেটের ব্যাংকিং কমিটির শুনানিতে হুয়াংকে জিজ্ঞাসাবাদ করবেন আইনপ্রণেতারা।
এছাড়া প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক, গোয়েন্দাবিষয়ক এবং চীনা কমিউনিস্ট পার্টিবিষয়ক কমিটিতেও তাকে জবাবদিহি করতে হবে।
সিনেটের সম্ভাব্য পরবর্তী সংখ্যাগরিষ্ঠ নেতা ও মেরিল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেন বলেছেন, হুয়াংয়ের পুনর্নিয়োগ ট্রাম্প প্রশাসনের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তানীতিতে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির উদাহরণ। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের উন্নত চিপ চীনে রফতানি বাড়াতে প্রশাসনের ওপর প্রভাব খাটিয়েছেন হুয়াং।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ট্রাম্পের আশ্বাসের পর হুয়াংকে পুনর্নিয়োগ দেয়। জাতীয় নিরাপত্তার জন্য তিনি হুমকি নন বলে কোম্পানিটিকে আশ্বস্ত করেছিলেন ট্রাম্প। হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামের এক প্রযুক্তি নির্বাহীর সম্পর্ক নিয়ে গোয়েন্দা মহলে সন্দেহ তৈরি হয়েছিল।
অভিযোগ রয়েছে, অ্যালিসের প্রতিষ্ঠান মেগাস্পিডের মাধ্যমে উন্নত চিপ চীনে পাঠানো হয়েছে।
ট্রাম্প তার হস্তক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় হুয়াংয়ের দক্ষতা হারানো যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় হুমকি হতো।
তবে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান আইনপ্রণেতারাও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের আশঙ্কা, চীনে চিপ পাচার এবং রফতানি নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার ঘটনায় জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। এ ঘটনায় বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের ভূমিকা নিয়েও কংগ্রেসে জিজ্ঞাসাবাদের দাবি উঠেছে। সূত্র: দ্য গার্ডিয়ান