✕

সর্বশেষ :
চীনযোগ ও ট্রাম্পের হস্তক্ষেপ: এনভিডিয়া প্রধানকে নিয়ে কংগ্রেসে তোলপাড় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডার প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইংল্যান্ডে তীব্র গরমে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে টানা তিন মাস সুপারমুন, শুরু হচ্ছে আজ প্রিন্স উইলিয়াম-কেটের বাড়িতে চুরির চেষ্টা, গ্রেফতার ২ প্রথম পাকিস্তানি হিসেবে যাচ্ছেন কক্ষপথে, কে এই জিশান? আদালতের রায়ে আফ্রিকা কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল আকাশচুম্বী জ্বালানি তেলের দামে, চাপে এয়ারলাইন্সগুলো ডোনাল্ড-সল্টের ঝড়ে অজিদের উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড ‘দাড়ি কাটতে গিয়ে দেখি পানি নেই’, সংকটে ভুগছেন নাইজেরিয়ার প্রেসিডেন্টও

‘দাড়ি কাটতে গিয়ে দেখি পানি নেই’, সংকটে ভুগছেন নাইজেরিয়ার প্রেসিডেন্টও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ২০:৫০:২৯ |

নাইজেরিয়ায় বিদ্যুৎ ও পানির সংকট দীর্ঘদিনের। রাজধানী আবুজা থেকে শুরু করে লাগোসসহ দেশের বিভিন্ন শহরে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও পানির সরবরাহে বিঘ্ন ঘটছে। এবার সেই সংকটের কথা স্বীকার করলেন খোদ দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু। জানালেন, সাধারণ মানুষের মতো রাষ্ট্রপতির সরকারি বাসভবনেও বিদ্যুৎ ও পানির সমস্যা রয়েছে। এমনকি গত সপ্তাহে বাসভবনে দাঁড়িয়ে দাড়ি কামানোর সময় মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল পানির সরবরাহ। 

আগামী ২০২৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

রবিবার লাগোসে নিজের পরিবারের সদস্যদের আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় বক্তব্য দিতে গিয়ে দেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন টিনুবু। সেখানে তিনি জানান, রাজধানী আবুজায় অবস্থিত রাষ্ট্রপতির সরকারি বাসভবন আসো ভিলাতেও নিয়মিত পানি ও বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা রয়েছে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে টিনুবু বলেন, ‘গত সপ্তাহের বুধবার আমি দাড়ি কামাচ্ছিলাম। এমন সময় পানির সরবরাহ বন্ধ হয়ে যায়। আসো ভিলাতেও যে দুর্ভোগ রয়েছে, তা আপনারা জানেন না।’ নাইজেরীয় পিজিন ভাষায় তিনি আরও বলেন, ‘সেখানেও দুর্ভোগ আছে।’

দেশের এই পরিস্থিতি বদলানোর আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘পানির সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। আমরা এসব সমস্যার সমাধান করব। বিদ্যুৎ নেই, পানি নেই, বিদ্যুৎ সরবরাহ নেই—উন্নয়নও নেই। আমরা কেবল কাজ শুরু করেছি। আমরা পারব এবং নাইজেরিয়ার জন্য তা করব।’

উল্লেখ্য, আবুজার আসো রকের পাদদেশে অবস্থিত আসো ভিলা নাইজেরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দফতর—দুই হিসেবেই ব্যবহৃত হয়। দেশের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রেও যখন পানি ও বিদ্যুতের সংকট দেখা দিচ্ছে, তখন সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি নতুন করে সামনে এসেছে।

তবে রাষ্ট্রপতির বাসভবনের বিদ্যুৎ সমস্যা সমাধানে আগেই বড় অঙ্কের অর্থ বরাদ্দ করেছিল নাইজেরিয়া সরকার। গত বছর দেশটির বাজেটে আসো ভিলায় সৌরবিদ্যুৎভিত্তিক মিনি-গ্রিড স্থাপনের জন্য ১০ বিলিয়ন নাইরা বরাদ্দ রাখা হয়। মার্কিন মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭২ লাখ ডলার এবং ব্রিটিশ মুদ্রায় প্রায় ৫৫ লাখ পাউন্ড। বিদ্যুতের ক্রমবর্ধমান বিল ও অনিয়মিত সরবরাহের সমস্যা মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সৌরবিদ্যুৎ প্রকল্পটির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, শিগগিরই আসো ভিলাকে জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিজস্ব সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে পরিচালনা করা হবে।

নাইজেরিয়ায় বিদ্যুৎ-সংকট অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই দেশটির মানুষ অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের সমস্যায় ভুগছেন। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও খারাপ হওয়ার পেছনে মূলত পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের অভাব এবং জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়াকে দায়ী করা হচ্ছে। সাধারণত জাতীয় বিদ্যুৎ গ্রিডে বড় ধরনের বিপর্যয়ের কারণে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কিন্তু সাম্প্রতিক সংকটের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে জ্বালানি সরবরাহের ঘাটতি ও জলবিদ্যুতের উৎপাদন হ্রাস।

লাগোস, আবুজাসহ বিভিন্ন শহরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো পালাক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ব্যবস্থা চালু করেছে। এর ফলে সাধারণ পরিবার থেকে শুরু করে ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান—সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিদ্যুতের পাশাপাশি পানির সংকটও নাইজেরিয়ার অন্যতম বড় সমস্যা। বিশেষ করে লাগোসের মতো জনবহুল শহরে লাখ লাখ মানুষ নিয়মিত ও নির্ভরযোগ্য পানির সরবরাহ থেকে বঞ্চিত। দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সরকারি পানীয় জলের পরিকাঠামো গড়ে ওঠেনি। তার ওপর পুরোনো ও জরাজীর্ণ জল সরবরাহব্যবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে দেশের বহু এলাকায় মানুষকে নিয়মিত পানির সংকটের মুখে পড়তে হচ্ছে।

এমন পরিস্থিতিতে আগামী ১৬ জানুয়ারি ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন টিনুবুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২০২৩ সালের নির্বাচনী প্রচারে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে সেই প্রতিশ্রুতির সুনির্দিষ্ট ভাষা এবং তা বাস্তবায়নের বাধ্যবাধকতা নিয়ে এখন রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।

২০২২ সালে, অর্থাৎ আগের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে টিনুবু বলেছিলেন, ‘যেভাবেই হোক, প্রয়োজনীয় সব উপায়ে আপনাদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। আর অনুমানভিত্তিক বিদ্যুৎ বিল দিতে হবে না। দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে।’

সেই সঙ্গে ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেছিলেন,‘ আমি যদি এই প্রতিশ্রুতি রাখতে না পারি এবং দ্বিতীয়বার নির্বাচনে দাঁড়াই, তাহলে আমাকে ভোট দেবেন না। তবে কেন প্রতিশ্রুতি পূরণ করতে পারিনি, তার যথাযথ কারণ জানাতে পারলে বিষয়টি আলাদা।’

কিন্তু নির্বাচনের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও টিনুবুর কিছু সমর্থক তার সরকারের পক্ষে যুক্তি তুলে ধরছেন। তাদের দাবি, গ্রামাঞ্চলের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের উন্নতি হয়েছে। পাশাপাশি জাতীয় বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থাকে শক্তিশালী করতে সম্প্রতি ২০০ কোটি ডলারের একটি বিনিয়োগ অনুমোদন করা হয়েছে।

‘ইস্ট-ওয়েস্ট সুপার গ্রিড’ নামে এই প্রকল্পের মূল লক্ষ্য দেশের বিদ্যুৎ সঞ্চালনক্ষমতা বাড়ানো এবং জাতীয় গ্রিডের পরিকাঠামো আরও শক্তিশালী করা। সমর্থকদের মতে, বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে সরকারের এই উদ্যোগগুলো প্রমাণ করে যে প্রতিশ্রুতি পূরণে টিনুবু চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নাইজেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবকর এবং আনামব্রা রাজ্যের সাবেক গভর্নর পিটার ওবিকে পরাজিত করে ক্ষমতায় এসেছিলেন টিনুবু। আগামী নির্বাচনেও এই তিন নেতাকেই সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

ফলে নির্বাচনের আগে বিদ্যুৎ ও পানির সংকট মোকাবিলা টিনুবু সরকারের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রপতির সরকারি বাসভবনেও যখন পানির সরবরাহ বন্ধ হয়ে যায়, তখন সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..