✕

সর্বশেষ :
চীনযোগ ও ট্রাম্পের হস্তক্ষেপ: এনভিডিয়া প্রধানকে নিয়ে কংগ্রেসে তোলপাড় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডার প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইংল্যান্ডে তীব্র গরমে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে টানা তিন মাস সুপারমুন, শুরু হচ্ছে আজ প্রিন্স উইলিয়াম-কেটের বাড়িতে চুরির চেষ্টা, গ্রেফতার ২ প্রথম পাকিস্তানি হিসেবে যাচ্ছেন কক্ষপথে, কে এই জিশান? আদালতের রায়ে আফ্রিকা কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল আকাশচুম্বী জ্বালানি তেলের দামে, চাপে এয়ারলাইন্সগুলো ডোনাল্ড-সল্টের ঝড়ে অজিদের উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড ‘দাড়ি কাটতে গিয়ে দেখি পানি নেই’, সংকটে ভুগছেন নাইজেরিয়ার প্রেসিডেন্টও

টানা তিন মাস সুপারমুন, শুরু হচ্ছে আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ২১:২৬:৫২ |

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতের আকাশে দেখা যাবে স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ। নভেম্বরের এই পূর্ণিমা ‘বিভার মুন’ নামে পরিচিত। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এটি টানা তিনটি সুপারমুনের প্রথমটি।

বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৫৩ মিনিটে চাঁদ পূর্ণিমার পূর্ণ পর্যায়ে পৌঁছাবে। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই এই দৃশ্য উপভোগ করা যাবে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সুপারমুন দেখতে বিশেষ কোনো যন্ত্রের প্রয়োজন নেই। তবে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করলে চাঁদের পৃষ্ঠের গর্ত ও বিস্তীর্ণ কালচে সমভূমি আরও স্পষ্ট দেখা যাবে। প্রাচীনকালে লাভার প্রবাহ থেকে এসব সমভূমির সৃষ্টি হয়েছিল।

দ্য ওল্ড ফার্মার্স অ্যালমানাকের তথ্য অনুযায়ী, বাঁধ তৈরিতে দক্ষ বিভার নামের একধরনের প্রাণী বছরের এ সময়ে শীতের প্রস্তুতি নেয়। এ কারণেই নভেম্বরের পূর্ণিমাকে বিভার মুন বলা হয়।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত নাসার গডার্ড মহাকাশ উড্ডয়ন কেন্দ্রের গ্রহীয় ভূতত্ত্ব, ভূ-পদার্থবিদ্যা ও ভূ-রসায়ন গবেষণাগারের প্রধান নোয়া পেট্রোর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বছরের সবচেয়ে ছোট পূর্ণিমার চাঁদের তুলনায় এবারের চাঁদ প্রায় ১৭ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে।
পূর্ণিমার সময় চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থান করলে তাকে সুপারমুন বলা হয়। পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে পুনরায় ফিরতে চাঁদের প্রায় ২৭ দশমিক ৫ দিন লাগে। অন্যদিকে, চাঁদের কলার একটি পূর্ণ চক্র সম্পন্ন হতে প্রায় ২৯ দশমিক ৫ দিন সময় লাগে। সময়ের এই পার্থক্যের কারণে পরপর কয়েক মাস সুপারমুন দেখা যেতে পারে।

পরবর্তী সুপারমুন দেখা যাবে ডিসেম্বরে। ‘কোল্ড মুন’ নামে পরিচিত এই পূর্ণিমা হবে ২০২৬ সালের শেষ পূর্ণিমা এবং বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন। বাংলাদেশ সময় ২৪ ডিসেম্বর সকাল ৭টা ২৮ মিনিটে চাঁদ পূর্ণিমার পূর্ণ পর্যায়ে পৌঁছাবে।

এরপর ২০২৭ সালের ২২ জানুয়ারি বছরের প্রথম পূর্ণিমা দেখা যাবে। ‘উলফ মুন’ নামে পরিচিত সেই পূর্ণিমাও হবে সুপারমুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..