✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ২০:৫৬:৪৫ |অস্ট্রেলিয়ার বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে ইংল্যান্ড। ব্যাট হাতে অ্যানিউরিন ডোনাল্ড ও ফিল সল্টের বিধ্বংসী ইনিংসে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ইংল্যান্ড।
কারারায় অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩.১ ওভারেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ৪১ বল হাতে রেখে পাওয়া এই জয়ে বড় অবদান ডোনাল্ড ও সল্টের। ডোনাল্ড ৩২ বলে ৮৫ এবং সল্ট ৩০ বলে ৫৮ রান করেন।
ইংল্যান্ডের জয়ের পথে ৯টি ছক্কা হাঁকান ডোনাল্ড। মাত্র ১৮ বলেই অর্ধশতক পূর্ণ করেন তিনি। অন্যদিকে সল্টও ছিলেন আক্রমণাত্মক মেজাজে। উদ্বোধনী জুটিতে মাত্র ১০.১ ওভারে ১৫১ রান যোগ করেন দুজন।
ডোনাল্ডের বিদায়ে ভাঙে এই বিধ্বংসী জুটি। রাইলি মেরেডিথের বলে ডিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। স্কোরবোর্ডে আরও সাত রান যোগ হওয়ার পর সাজঘরে ফেরেন সল্টও।
এরপর অধিনায়ক হ্যারি ব্রুকের ৯ বলে ১০ এবং টম বেন্টনের ৮ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসে সহজ জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে। শুরুতে ভালো করলেও মাঝের দিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
মিচেল মার্শ দুটি ছক্কা হাঁকিয়ে বড় ইনিংসের ইঙ্গিত দিলেও পরের বলেই হেনরি ক্রোকম্বের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ১৩ বলে ২৭ রান করেন। তবে দ্রুত উইকেট হারিয়ে ৫৮ রানে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া।
সেখান থেকে জোয়েল ডেভিসের ২৫ বলে ৩৯ এবং নিখিল চৌধুরীর ৩৫ বলে ৪৫ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। শেষ দিকে ডোয়ারশুইসের ঝোড়ো ব্যাটিংয়ে ১৮৪ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
তবে সেই সংগ্রহ ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে যথেষ্ট হয়নি। সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরে গেল অস্ট্রেলিয়া। শুক্রবার গ্যাবায় অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।