✕

সর্বশেষ :
চীনযোগ ও ট্রাম্পের হস্তক্ষেপ: এনভিডিয়া প্রধানকে নিয়ে কংগ্রেসে তোলপাড় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডার প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইংল্যান্ডে তীব্র গরমে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে টানা তিন মাস সুপারমুন, শুরু হচ্ছে আজ প্রিন্স উইলিয়াম-কেটের বাড়িতে চুরির চেষ্টা, গ্রেফতার ২ প্রথম পাকিস্তানি হিসেবে যাচ্ছেন কক্ষপথে, কে এই জিশান? আদালতের রায়ে আফ্রিকা কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল আকাশচুম্বী জ্বালানি তেলের দামে, চাপে এয়ারলাইন্সগুলো ডোনাল্ড-সল্টের ঝড়ে অজিদের উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড ‘দাড়ি কাটতে গিয়ে দেখি পানি নেই’, সংকটে ভুগছেন নাইজেরিয়ার প্রেসিডেন্টও

প্রথম পাকিস্তানি হিসেবে যাচ্ছেন কক্ষপথে, কে এই জিশান?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ২১:২২:৩৯ |

বুধবার চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ‘শেনঝো-২৪’ মহাকাশযান। এই ঐতিহাসিক মুহূর্তটি কেবল চীনের জন্যই নয় বরং পাকিস্তানের জন্যও এক বিশাল গর্বের উপলক্ষ হতে চলেছে। মঙ্গলবার শেনঝো-২৪ মহাকাশ অভিযানের নভোচারী দলের সদস্য হিসেবে নাম ঘোষণার পর ৪০ বছর বয়সী পাকিস্তান বিমান বাহিনীর পাইলট ও পেলোড বিশেষজ্ঞ মুহাম্মদ জিশান আলী এখন পৃথিবীর কক্ষপথে পা রাখা প্রথম পাকিস্তানি এবং বেইজিংয়ের তিয়ানগং মহাকাশ স্টেশনে আরোহণকারী প্রথম বিদেশি নাগরিক হওয়ার দ্বারপ্রান্তে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে মোনাকোভিত্তিক মেরু অভিযাত্রী নামিরা সেলিম ভার্জিন গ্যালাকটিকের ‘গ্যালাকটিক ০৪’ মিশনে মহাকাশে গিয়ে প্রথম পাকিস্তানি হিসেবে নাম লেখালেও জিশান আলীই হতে চলেছেন প্রথম পাকিস্তানি যিনি পৃথিবীর কক্ষপথে পূর্ণাঙ্গ মহাকাশ অভিযান পরিচালনা করবেন।

একটি সংক্ষিপ্ত কক্ষপথীয় অভিযানে অংশ নিতে যাচ্ছেন আলী, যা প্রায় পাঁচ দিন স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। অভিযান শেষে তিনি গত মে মাসে তিয়ানগং স্টেশনে নোঙর করা ‘শেনঝো-২৩’ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন।

পাকিস্তান বিমান বাহিনীর উইং কমান্ডার ও পাইলট মুহাম্মদ জিশান আলীকে ২০২৬ সালের এপ্রিলে তাঁর সহকর্মী পাইলট খুররম দাউদের সঙ্গে চীনে নভোচারী প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছিল। পরবর্তীতে কঠোর ও প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মূল অভিযানের জন্য আলীকে চূড়ান্ত করা হয় এবং দাউদ তার বিকল্প বা ব্যাকআপ নভোচারী হিসেবে নির্বাচিত হন।

চীনা কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই-র সমন্বয়ে গঠিত তিন সদস্যের এই নভোচারী দলে আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন। মহাকাশ স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থানকালে তিনি পাকিস্তানি গবেষকদের উদ্ভাবিত বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করবেন। এর মধ্যে খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জৈবপ্রযুক্তি গবেষণা এবং মহাকাশ স্টেশনে বৈজ্ঞানিক সরঞ্জাম ও নমুনা স্থাপনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

এই ঐতিহাসিক যাত্রার প্রস্তুতির জন্য জিশান আলী বেইজিংয়ে টানা সাত মাস কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। এই সময়ে তিনি নিবিড়ভাবে চীনা ভাষা শিখেছেন, চীনা গান রপ্ত করেছেন এবং চীনা কবিতা পড়েছেন। পাশাপাশি তিনি চীনা ক্যালিগ্রাফি চর্চা করেছেন এবং টেবিল টেনিসও খেলেছেন। চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলী সাবলীল চীনা ভাষায় কথা বলেন এবং তাং রাজবংশের (৬১৮-৯০৭ খ্রিস্টাব্দ) বিখ্যাত চীনা কবি ওয়াং ঝিহুয়ানের একটি কবিতার পঙক্তি উদ্ধৃত করে বলেন, “আরও সুন্দর দৃশ্য উপভোগ করতে হলে আরও উঁচুতে আরোহণ করতে হবে।”

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আলী যোগ করেন, এটি আমার প্রতিদিনের প্রশিক্ষণের মতোই; দিনের পর দিন আরও উঁচুতে আরোহণ করা। তিনি আরও জানান যে এখন তিনি তার চীনা সহকর্মীদের সঙ্গে চীনা ভাষাতেই যোগাযোগ করতে পারেন। চীন-পাকিস্তান সম্পর্কের গভীরতা তুলে ধরে তিনি বলেন, আমরা পাশাপাশি প্রশিক্ষণ নিই। আমাদের মধ্যকার এই বন্ধুত্ব চীন-পাকিস্তান বন্ধুত্বেরই প্রতিফলন, যা পাহাড়ের চেয়েও উঁচু, সমুদ্রের চেয়েও গভীর, মধুর চেয়েও মিষ্টি এবং মহাকাশের মতোই বিশাল।

জিশান আলীর এই অর্জন নানা দিক থেকেই ঐতিহাসিক। তিনিই প্রথম পাকিস্তানি যিনি পৃথিবীর কক্ষপথে ভ্রমণ করবেন, চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রথম বিদেশি নভোচারী এবং চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন পরিদর্শনকারী প্রথম আন্তর্জাতিক নভোচারী। নভোচারী দলকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আয়োজিত ওই সংবাদ সম্মেলনে আলী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমি নিজের জন্য উড়ছি না। আমি আমার কাঁধে পাকিস্তানের নাম এবং ২৫ কোটি পাকিস্তানির আশা বহন করছি।

সাধারণত চীনা নভোচারীরা মহাকাশ স্টেশনে ছয় মাসের জন্য অবস্থান করেন। সেই তুলনায় আলীর অবস্থানকাল অনেক সংক্ষিপ্ত হলেও পাকিস্তানের জন্য এটি এক বিশাল মাইলফলক। তবে কেবল পৃথিবীর কক্ষপথেই থেমে থাকতে চান না আলী, তার চোখে এখন চাঁদে যাওয়ার স্বপ্ন। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আমি আশা করি চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতার পরবর্তী অধ্যায়টি একজন নভোচারী ও একটি ফ্লাইট থেকে বিস্তৃত হয়ে একাধিক যৌথ ফ্লাইটে রূপ নেবে এবং তা চাঁদ, মঙ্গল ও তারও বাইরে ছড়িয়ে পড়বে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের মন্ত্রী আহসান ইকবাল জিশান আলীকে ‘পাকিস্তানের প্রথম নভোচারী’ হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন যে এই অভিযান বেইজিং ও ইসলামাবাদের মধ্যকার গভীর আস্থা এবং ‘লৌহদৃঢ় ভ্রাতৃত্বের’ই বহিঃপ্রকাশ। উল্লেখ্য, চীন ও পাকিস্তানের মধ্যে মহাকাশ সহযোগিতার ইতিহাস ১৯৯০-এর দশকের শুরুর দিক থেকে চলে আসছে। ইতোপূর্বে চীন পাকিস্তানের একাধিক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে এবং আগামী ২০২৮ সাল নাগাদ চীনের একটি চন্দ্রাভিযানে পাকিস্তানের তৈরি একটি রোভারও চাঁদে যাওয়ার কথা রয়েছে।

সূত্র: খালিজ টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..