✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ২১:১৭:৫০ |গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় জেট ফুয়েলের দাম এখনো ৫০ শতাংশের বেশি ওপরে অবস্থান করছে। জ্বালানি তেলের এই ঊর্ধ্বগতির কারণে নগদ অর্থের (ক্যাশ) সংস্থান ধরে রাখতে নতুন উড়োজাহাজ কেনার ডাউন পেমেন্টের জন্য অর্থায়নের পথ খুঁজছে এয়ারলাইন্সগুলো। পাশাপাশি, নিজস্ব মালিকানাধীন উড়োজাহাজ বিক্রি করে তা আবার লিজ বা ভাড়ায় (সেল অ্যান্ড লিজব্যাক) নেওয়ার কথাও ভাবছে তারা।
উড়োজাহাজ লিজদাতা প্রতিষ্ঠান বিওসি এভিয়েশনের প্রধান নির্বাহী স্টিভেন টাউনএন্ড বলেন, তাদের কতটুকু তারল্য (লিকুইডিটি) প্রয়োজন, তা এখন সবাই নতুন করে বিবেচনা করতে শুরু করেছে।
টাউনএন্ড জানান, ২০২৭ সালে জেট ফুয়েলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছালে তা সামাল দেওয়ার সক্ষমতা আছে কি না, কিছু এয়ারলাইন্স এখন সেই পরীক্ষা (স্ট্রেস-টেস্ট) চালাচ্ছে। এলএসইজি-র তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সিঙ্গাপুরে স্পট মার্কেটে জেট ফুয়েলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ১৪১ ডলার, যা যুদ্ধ-পূর্ববর্তী ৯৩ ডলারের তুলনায় অনেক বেশি। অপরিশোধিত তেলের দাম কমলেও মধ্যপ্রাচ্য ও রাশিয়ার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগারগুলোর কারণে জ্বালানির দাম চড়া থাকার আশঙ্কা রয়েছে।
দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট
জ্বালানির বাড়তি খরচ মেটাতে এয়ারলাইন্সগুলো ইতোমধ্যে টিকিটের ভাড়া বাড়িয়েছে এবং ফ্লাইটের সংখ্যা কমিয়েছে। সরকারি তথ্য বলছে, সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে যুক্তরাষ্ট্রে বিমান ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় গড়ে প্রায় ২৩ শতাংশ বেড়েছে।
তবে আয়ের চেয়ে ব্যয় বেড়েছে আরও দ্রুতগতিতে। নিয়ন্ত্রক সংস্থার নথিপত্র বিশ্লেষণ করে রয়টার্স দেখেছে, ২০২৬ সালের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি এয়ারলাইন্সের আয় আগের বছরের তুলনায় প্রায় ২ হাজার ৮০০ কোটি ডলার বাড়লেও জ্বালানি খরচ বেড়েছে প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার। ফলে তাদের সম্মিলিত পরিচালন মুনাফা ১২ শতাংশ কমে গেছে। সেপ্টেম্বর নাগাদ এসব প্রতিষ্ঠানের নগদ ও তরল সম্পদ ৮ শতাংশ বেড়ে প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলারে দাঁড়ালেও পরিচালন ব্যয় বেড়েছে প্রায় ১৮ শতাংশ।
উড়োজাহাজ লিজদাতা প্রতিষ্ঠান অ্যাভোলনের প্রধান নির্বাহী অ্যান্ডি ক্রোনিন বলেন, জুলাইয়ে দাম কিছুটা কমায় এয়ারলাইন্সগুলো শুরুতে ভেবেছিল জ্বালানির এই ধাক্কা সাময়িক। কিন্তু সেপ্টেম্বরে দাম ফের বেড়ে যাওয়ায় এবং তা চড়া পর্যায়ে স্থির থাকায় তারা ২০২৭ সালের পরিকল্পনা নতুন করে সাজাতে বাধ্য হচ্ছে।
তবে শুধু ভাড়া বাড়িয়ে আর ফ্লাইট কমিয়ে এই সংকট কাটানো সম্ভব নাও হতে পারে। অলিভার ওয়াইম্যানের পরামর্শক স্কট লরেন্স বলেন, ভাড়া আসলে খরচের চেয়ে চাহিদার ওপর ভিত্তি করেই নির্ধারিত হয়। তিনি সতর্ক করে বলেন, ফ্লাইটের সংখ্যা আরও কমালে স্থায়ী খরচ মেটানো কঠিন হয়ে পড়বে।
মহামারিকালের মতো উড়োজাহাজের বহর ছোট করার পথে হাঁটতে চাইছে না এয়ারলাইন্সগুলো, কারণ তখন চাহিদা ফেরার পর তারা সক্ষমতার সংকটে পড়েছিল। সিরিয়ামের তথ্য অনুযায়ী, পুরোনো উড়োজাহাজ অবসরে পাঠানোর হার গত বছরের তুলনায় খুব একটা বদলায়নি। জ্বালানির উচ্চমূল্যের কারণে নতুন ও জ্বালানি-সাশ্রয়ী উড়োজাহাজের চাহিদা বাড়লেও সেগুলো কেনা এখন আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রথম নয় মাসে জ্বালানির বাড়তি খরচের কারণে পরিচালন নগদ প্রবাহ ৩০ কোটি ৯০ লাখ ডলার কমে যাওয়া সত্ত্বেও আলাস্কা এয়ার নতুন বোয়িং উড়োজাহাজ গ্রহণ অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা শেন ট্যাকেট জানান, ২০২৭ সালের জন্য ঋণ নেওয়া এবং সেল-লিজব্যাকের মতো বিকল্পগুলো তাদের বিবেচনায় রয়েছে।
এয়ারলাইন্সটির ভাইস প্রেসিডেন্ট অব ফাইন্যান্স, কন্ট্রোলার অ্যান্ড ট্রেজারার এমিলি হ্যালভারসন বলেন, ভবিষ্যতে উড়োজাহাজ সরবরাহের জন্য আমরা অর্থায়নের বিভিন্ন বিকল্প মূল্যায়ন করছি এবং এমন পথই বেছে নেব যা আলাস্কা এয়ার গ্রুপের আর্থিক ও কৌশলগত লক্ষ্যকে সর্বোত্তমভাবে সমর্থন করে।”
উড়োজাহাজ হাতে পাওয়ার বেশ আগেই এয়ারলাইন্সগুলোকে অগ্রিম অর্থ পরিশোধ করতে হয়। টাউনএন্ড জানান, এই অগ্রিম অর্থ পরিশোধে অর্থায়নের জন্য বিওসি এভিয়েশনের কাছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অনুরোধ আসছে এবং তাদের সাম্প্রতিক বেশিরভাগ চুক্তিতেই এই বিষয়টি থাকছে। টাউনএন্ড বলেন, আর্থিক চাপে থাকলে এয়ারলাইন্সগুলো সাধারণত নিজেদের নগদ অর্থ খরচ না করে ডেলিভারি এবং অগ্রিম অর্থের জন্য অর্থায়নের ব্যবস্থা করে। “আমরা এখন অর্থনৈতিক চক্রের সেই পর্যায়েই আছি,” যোগ করেন তিনি।
অর্থ সাশ্রয় থেকে অর্থ সংগ্রহের পথে
জ্বালানির এই ধাক্কা দীর্ঘস্থায়ী হলে এয়ারলাইন্সগুলো নিজেদের মালিকানাধীন উড়োজাহাজ থেকে নগদ অর্থ সংগ্রহের পথে হাঁটবে বলে ধারণা করছেন লিজদাতারা। থাই এয়ারএশিয়ার মূল প্রতিষ্ঠান এশিয়া এভিয়েশন চলতি মাসে জানিয়েছে, উচ্চ জ্বালানি খরচ সামাল দিতে তারা সেল-লিজব্যাক এবং অর্থায়নের অন্যান্য পদ্ধতির কথা ভাবছে।
উড়োজাহাজ ও ইঞ্জিন লিজদাতা প্রতিষ্ঠান এফটিএআই এভিয়েশন জানিয়েছে, জ্বালানি খরচের কারণেই সেল-লিজব্যাকের প্রতি আগ্রহ বাড়ছে। গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি কানাডার ওয়েস্টজেটের কাছ থেকে ২৭টি পুরোনো বোয়িং ৭৩৭-৭০০ উড়োজাহাজ কিনে নেয়। এর মধ্যে ১৭টি আবার ওয়েস্টজেটকেই লিজ দেয় এবং বাকি ১০টি নিজেদের ইঞ্জিন ও যন্ত্রাংশ ব্যবসায় পাঠিয়ে দেয়। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ওয়েস্টজেট ও থাই এয়ারএশিয়া কোনো সাড়া দেয়নি।
এ ধরনের চুক্তির পরিসংখ্যান নিয়ে মিশ্র তথ্য পাওয়া গেছে। এভিয়েশন পরামর্শক সংস্থা আইবিএ বলছে, এক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি দেখা যায়নি। অন্যদিকে সিরিয়াম অ্যাসেন্ডের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৭৩টি উড়োজাহাজ বিক্রি করে পুনরায় লিজ নেওয়া হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৬টি।
উড়োজাহাজ বন্ধক রেখে ব্যাংক ঋণ নেওয়ার চেয়ে সেল-লিজব্যাকের মাধ্যমে বেশি নগদ অর্থ সংগ্রহ করা যায় এবং এতে ব্যাংকের ঋণসীমাও (ক্রেডিট লাইন) অক্ষত থাকে। তবে এর ফলে এয়ারলাইন্সগুলোর ঘাড়ে দীর্ঘমেয়াদী লিজের দায় চেপে বসে।
স্কট লরেন্স বলেন, জ্বালানি তেলের দাম আগামী পাঁচ বছর চড়া থাকবে এমনটা খুব কম লোকই মনে করেন। তবে তার ভাষায়, আমি নিজেও যাদের দলে ছিলাম, সেই মানুষগুলোই ভাবেননি যে জ্বালানির এই ধাক্কা নয় মাস ধরে চলবে।
সূত্র: রয়টার্স