✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ১৮:৪৯:৩৯ |সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার নয় মাস হলো। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ নানা বৈশ্বিক অস্থিতিশীলতার মতো জটিল পরিস্থিতির মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তবে জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সরকারের সবচেয়ে বড় শক্তি হলো জনগণের প্রতি সর্বোচ্চ জবাবদিহি ও দায়বদ্ধতা। নির্বাচনী ইশতেহারকে মূল ভিত্তি ধরে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে সরকার। শিশুশ্রম নিরসন ও শ্রমিকদের অধিকারের বিষয়গুলো ইশতেহারের সাথে সরাসরি যুক্ত থাকায় নানা সীমাবদ্ধতার মাঝেও এগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগেআয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহ্দী আমিন এসব কথা বলেন। ‘ইনসেপশন অব দ্য প্রজেক্ট: রিডাকশন অব চাইল্ড লেবার ইন দ্য ইনফরমাল রেডি-মেড গার্মেন্ট (আরএমজি) সেক্টর অ্যাট কেরানীগঞ্জ উপজেলা অব ঢাকা ডিস্ট্রিক্ট, থ্রো আ হোলিস্টিক অ্যাপ্রোচ’ শীর্ষক এই অনুষ্ঠান হয়।
শিশুশ্রম নিরসনে প্রণীত পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইতোমধ্যে অনেকদূর এগিয়েছে এবং সবাইকে সঙ্গে নিয়ে টেকসই ও বাস্তবসম্মত উপায়ে এর বাস্তবায়ন নিশ্চিত করা হবে বলে জানান মাহ্দী আমিন। তবে কেবল শ্রমঘন এলাকাগুলোতে বিচ্ছিন্নভাবে কাজ করে শিশুশ্রম সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে শিক্ষা ব্যবস্থা সরাসরি যুক্ত। কোনো পরিবার যেন শিশুশ্রমে উৎসাহিত না হয়, সেজন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে ঢেলে সাজানো হচ্ছে। প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই মিড-ডে মিল, স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা প্রদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের এক কোটিরও বেশি শিক্ষার্থীর কাছে এই সুবিধাগুলো পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পাশাপাশি সারাদেশে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ ব্যাপকভাবে বাড়ানো হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্নাতক ডিগ্রি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার ঘোষণা এসেছে এবং এর কাজও শুরু হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল। এবার সেটিকে স্নাতক পর্যায় পর্যন্ত উন্নীত করা হচ্ছে। এ ছাড়া অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার নীতিমালাও রয়েছে, যা আগামী অর্থবছর থেকেই প্রতিফলিত হতে শুরু করবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়নের চেয়েও এমন বিনিয়োগ করতে হবে যার সুফল সরাসরি শিক্ষার্থীদের হাতে পৌঁছায়। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাখাতে বাজেট পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার কাজ চলছে। পরিবারগুলো যখন দেখবে সন্তানকে স্কুলে পাঠালে অর্থনৈতিক সহায়তা পাওয়া যাচ্ছে এবং শিক্ষা কোনো বোঝা হয়ে দাঁড়াচ্ছে না, তখন তারা স্বাভাবিকভাবেই সন্তানদের কলকারখানায় না পাঠিয়ে স্কুলে পাঠাবে।
শ্রেণিকক্ষে থাকার বয়সী শিক্ষার্থীরা যেন কারখানায় চলে না যায়, সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠানমুখী একটি ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। বাল্যবিবাহ প্রতিরোধের মতো শিশুশ্রম নিরসনেও বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বাড়িয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। পড়াশোনা শেষে বেকারত্বের শঙ্কা দূর করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে এবং নবম ও দশম শ্রেণিতে সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করা হচ্ছে, যাতে শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাস্তব জীবনের সংযোগ স্থাপিত হয় বলে উল্লেখ করেন।
শিশুশ্রমের পেছনে পারিবারিক দারিদ্র্য ও অভিভাবকদের কর্মসংস্থানের অভাব একটি বড় কারণ উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, বাবা-মায়ের ক্ষমতায়ন নিশ্চিত করতে সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কলকারখানার প্রসার ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সাথে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের রূপকল্প অনুযায়ী সার্বজনীন ‘ফ্যামিলি কার্ড’ প্রচলন শুরু হয়েছে। হতদরিদ্র থেকে প্রান্তিক পর্যায়ের মায়েদের হাতে এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পৌঁছে গেলে তাঁরা সেই অর্থ সন্তানদের পড়াশোনায় ব্যয় করতে পারবেন এবং অভাবের তাড়নায় সন্তানদের কাজে পাঠাবেন না।
শিশুশ্রম নিরসনে কেবল ফরমাল অর্থনীতির দিকে তাকালে চলবে না উল্লেখ করে তিনি বলেন, ইনফরমাল খাতেও যে বিপুল সংখ্যক শিশু কাজ করছে, তাদের কথা বিবেচনায় রেখে একটি সমন্বিত বা হলিস্টিক নীতিমালা গ্রহণ করতে হবে। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে জাতীয় এই সমস্যাটিকে যথাযথ গুরুত্ব দিয়ে সমাধান করা হয়নি। একটি জবাবদিহিমূলক সরকার হিসেবে প্রধানমন্ত্রীর এখানে গভীর দায়বদ্ধতা রয়েছে।
সন্তানেরা শিল্পকারখানায় নয়, বরং শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মানবিক মূল্যবোধ নিয়ে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হোক-এমন প্রত্যাশা ব্যক্ত করে মাহ্দী আমিন বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ জনশক্তি বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই তারুণ্যের সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটানোর জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম ও ইকোসিস্টেম তৈরি করেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিশুশ্রম নিরসনের বহুমাত্রিকতা তুলে ধরে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, মহিলা ও শিশুবিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সরাসরি সমন্বয়ের পাশাপাশি শিক্ষা, আইন, স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ও এ বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। কারণ, এর সঙ্গে পরিবারের অর্থনৈতিক সক্ষমতা জড়িত। কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে শিশুশ্রম নির্মূল সম্ভব নয়। এ জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা জরুরি। দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে সরকারের এই লক্ষ্য বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকার ও নারী অধিকার কর্মী অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপস মিখাল ক্রেইজা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ও অ্যাডউইব প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুস সামাদ আল আজাদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) লেবার অ্যান্ড ওয়ার্কপ্লেস রিলেশনস অ্যাডভাইজার মাহফুজুর রহমান ভূঁইয়া, সোশ্যালিস্ট লেবার ফ্রন্টের (এসএলএফ) সভাপতি রাজেকুজ্জামান রতন প্রমুখ।