✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ১৮:৩৮:৩৭ |নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ইয়াছিন মিয়া ওরফে মিশকাত নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইয়াছিন মিয়া (২২) উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
নিহতের ভগ্নিপতি মাসুম মিয়া জানান, নিহতের চাচা মামুনের সঙ্গে তাদের পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে গত শনিবার সন্ধ্যায় মামুন, রিয়াদ, শান্তসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ইয়াছিনের ওপর হামলা চালায়। এ সময় তাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে মামুন তার হাতে থাকা ছুরি দিয়ে ইয়াছিনের পেটে আঘাত করে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা আহত ইয়াছিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিনের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে আজ দুপুরে ইয়াছিনের মরদেহ বাড়িতে আনা হবে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘এ ঘটনায় আগে একটি মামলা হয়েছে। এখন নতুন করে খুনের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’