✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ১৮:৫৭:৩৯ |ঢাকার উত্তরা ১ নম্বর সেক্টরের হোটেল অ্যাম্বাসেডর থেকে পড়ে মডেল মাহমুদুল হাসান সিয়ামের (১৭) মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তিন সহকর্মীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—রিসান, মীম চৌধুরী ও আমিরা খান।
গত ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে অবস্থিত হোটেল অ্যাম্বাসেডর ভবন থেকে পড়ে মারা যান সিয়াম।
এ ঘটনায় ওই দিনই তার সঙ্গে হোটেলে থাকা তিন সহকর্মী রিসান, মীম চৌধুরী ও আমিরা খানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। যদিও তাদের দাবি, ছবি তুলতে গিয়ে পড়ে যান সিয়াম। পরদিন তাদের কারাগারে পাঠানো হয়।
এদিকে গত ১০ নভেম্বর এই তিন আসামিসহ হোটেল মালিক সুলতান, ম্যানেজার সুজন ও কর্মচারী সাব্বিরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের আসামি করে সিয়ামের বাবা সেলিম মিয়া বিমানবন্দর থানায় হত্যা মামলা করেন।
এর পরিপ্রেক্ষিতে ৫৪ ধারায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা তিন আসামিকে গত ১২ নভেম্বর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন।
এদিন শুনানিকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন-অর-রশীদ এবং বাদীপক্ষে আবজাল হোসেন মৃধা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
অন্যদিকে, আসামি রিসান ও মীম চৌধুরীর পক্ষে আইনজীবী আমির উদ্দিন মাহমুদ (বায়েজিদ) এবং আসামি আমিরা খানের পক্ষে আইনজীবী ফয়সাল মাহমুদ শাওন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবীরা সিয়ামের মৃত্যুর ঘটনাটিকে দুর্ঘটনা দাবি করে বলেন, 'সেলফি তুলতে গিয়ে সিয়াম পড়ে গিয়ে মারা গেছে। তারা হত্যা করলে তো পালিয়ে যেত। তারা পালায়নি, বরং ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।' উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, সিয়াম পড়াশোনার পাশাপাশি মডেলিং করত। শুটিংয়ের জন্য উত্তরাসহ ঢাকার বিভিন্ন হোটেলে থাকত। গত ৩ নভেম্বর থেকে উত্তরা ১ নম্বর সেক্টরের হোটেল অ্যাম্বাসেডরের ৫০২ নম্বর কক্ষ ভাড়া নিয়ে শুটিংয়ের কাজ করছিল। ৭ নভেম্বর রাতে পরিবার খবর পায়, বিকেল সাড়ে ৪টার দিকে সিয়াম কক্ষের জানালা দিয়ে পড়ে গিয়ে মারা গেছে।
খবর পেয়ে উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সিয়ামের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা বিমানবন্দর থানায় যান। সেখানে পুলিশের হাতে আটক রিসান, মীম ও আমিরার কাছে সিয়ামের মৃত্যুর বিষয়ে জানতে চান সেলিম মিয়া। কিন্তু তারা এলোমেলো ও ভিত্তিহীন তথ্য দেয় এবং একেকজন একেক রকম কথা বলে বিভিন্ন তথ্য গোপন করে।
সেলিম মিয়া অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে রিসান, মীম, আমিরাসহ অন্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সিয়ামকে জানালা দিয়ে ফেলে দিয়েছে অথবা হত্যা করে জানালা দিয়ে ফেলে দিয়েছে।