✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ১৮:৫৩:৩৭ |জুলাই আন্দোলনে রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী রিমান্ড নামঞ্জুর করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর সুজন হক ফের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর বারিধারার একটি বাসা থেকে ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। ওই দিনই তার সাত দিনের রিমান্ডের আদেশ হয়।
মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট মোতালেবের বাবা আবদুল মতিন ধানমন্ডি থানায় ওই হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাঈদ খোকনের নামও ছিল।
অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ডিএসসিসি মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি তিনি। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খোকন ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।