✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-০৮, | ১৪:৩৫:৫৫ |রাজধানীর উত্তর শাহজাহানপুরে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বোন নিপা ও তাঁর স্বামী সুজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তর শাহজাহানপুরের ৪৭৬/বি নম্বর বাসার পঞ্চম তলার ছাদে টিনশেড কক্ষের একটি খাটের ওপর থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরের গলাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
শাহজাহানপুর থানার এসআই মেহেদী হাসান আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠান। সুরতহাল প্রতিবেদনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
নিহতের স্বজন আরমিনা অভিযোগ করেন, তাঁর খালু ফখরুল হাসানকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন তাঁর বোন নিপা ও বোনের স্বামী সুজন। তাঁর দাবি, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
আরমিনা জানান, ফখরুল যে বাসায় থাকতেন, সেটি তাঁর নানির বাড়ির সম্পত্তি। ওই বাসায় স্ত্রী সাদিয়া আক্তারকে নিয়ে বসবাস করতেন ফখরুল। তাঁদের কোনো সন্তান নেই। ফখরুলের মৃত্যুর পর সম্পত্তি পাওয়ার বিষয়টি নিয়ে বিরোধের সূত্রপাত হতে পারে বলে দাবি করেন তিনি। এর আগেও সম্পত্তি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ হয়েছিল বলে জানান আরমিনা।
নিহতের স্ত্রী সাদিয়া আক্তার একটি পাঞ্জাবি তৈরির কারখানায় কাজ করেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। রাতে বাসায় ফিরে স্বামীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত ফখরুল হাসানের বাবা মৃত নুর মোহাম্মদ এবং মা মৃত ফাতেমা বেগম।