সমালোচনার মুখে স্থগিত হলো আইয়ুব বাচ্চুর ২০ গানের ‘উত্তরাধিকার’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৬, | ১৪:২২:৫২ |

কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর গান নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে নতুন সংগীতায়োজনে তুলে ধরার উদ্যোগ নিয়েছিল ‘উত্তরাধিকার’। কিন্তু এমন খবর প্রকাশের পরই সেই উদ্যোগ ঘিরে শুরু হয় সমালোচনা। ভক্তদের একাংশের অসন্তোষ শেষ পর্যন্ত এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রকল্পটির কার্যক্রম আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।

আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে গত ১৬ আগস্ট শুরু হয়েছিল ২০টি গান নিয়ে সাজানো এই ট্রিবিউট অ্যালবামের যাত্রা। পরিকল্পনা অনুযায়ী তার জনপ্রিয় গানগুলো নতুন শিল্পীদের কণ্ঠে ও নতুন সংগীতায়োজনে প্রকাশ করার কথা ছিল। ইতোমধ্যে কয়েকটি গান প্রকাশের পরই নতুন সংগীতায়োজন নিয়ে প্রশ্ন তোলেন বাচ্চুর ভক্তদের একাংশ। এরপর সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে ‘উত্তরাধিকার’ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নিয়ে জরুরি বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পর প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন প্ল্যাটফর্মে ইতোমধ্যে প্রকাশিত চারটি গান সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি প্রকাশের অপেক্ষায় থাকা ১৩টি গানও আপাতত শ্রোতাদের সামনে আনা হবে না। এলআরবির সদস্য শামীম আহমেদ বলেন,সংশ্লিষ্ট সবার কাছে আবেগের জায়গা আইয়ুব বাচ্চু। তার কালজয়ী সৃষ্টির যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন- এ বিষয়ে সবাই একমত হয়েছেন। তিনি জানান, শিগগিরই আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে একটি প্যানেল গঠন করা হবে। এরপর গানগুলো প্রকাশের উপযোগী মনে হলে সেগুলো শ্রোতাদের কাছে তুলে দেওয়া হবে।

প্রকল্পটি স্থগিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তারও। তবে এই সিদ্ধান্তে ‘উত্তরাধিকার’-এর সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাদের বক্তব্য, আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তারা তার গান নতুনভাবে পরিবেশন করেছেন। এর পেছনে ব্যক্তিগত আর্থিক লাভের কোনো উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছেন তারা।

শিল্পীদের ভাষ্য, কোনো গান শ্রোতাদের ভালো না লাগলে সমালোচনা করার অধিকার অবশ্যই রয়েছে। তবে অন্য কেউ আইয়ুব বাচ্চুর গান গাইতে পারবেন না- এমন মানসিকতাকে তারা সমর্থন করছেন না।

‘উত্তরাধিকার’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে সাতটি গান প্রকাশ পেয়েছিল। এর মধ্যে বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন সংগীতায়োজনে প্রকাশিত হয় আইয়ুব বাচ্চুর বহুল জনপ্রিয় গান ‘রুপালি গিটার’।এছাড়া সোনার বাংলা সার্কাসের পরিবেশনায় ‘গতকাল রাতে’, কানিজ সুবর্ণার কণ্ঠে ‘কষ্ট পেতে ভালোবাসি’, জয় শাহরিয়ারের গাওয়া ‘কষ্ট কাকে বলে’, পলাশের কণ্ঠে ‘আপন কেহ নাই’, অটামনাল মুনের গাওয়া ‘হকার’ এবং অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’ প্রকাশিত হয়েছিল।

তবে ভক্তদের প্রতিক্রিয়া ও সংশ্লিষ্টদের মতামতের পর আপাতত থেমে গেল ‘উত্তরাধিকার’-এর পথচলা। এখন আইয়ুব বাচ্চুর পরিবারের সঙ্গে আলোচনার পর প্রকল্পটি নতুন করে কীভাবে এগোয়, সেটিই দেখার বিষয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..