কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: গয়েশ্বর চন্দ্র রায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৩, | ১৮:১০:৫৭ |

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জলবায়ু সহনশীল জাত উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশ কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথ আরও প্রশস্ত হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের পাইনার খালে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাশয়ে রুইজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে কৃষকের উৎপাদন ধরে রাখা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে জলবায়ু সহনশীল ফসলের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ জরুরি। কৃষি বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান ভিত্তি। কৃষকের স্বার্থ রক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে কৃষিকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, কৃষিতে গবেষণা ও নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে। একই সঙ্গে কৃষকের উৎপাদন খরচ কমানো এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল এবং বিদেশে খাদ্য রপ্তানিও সম্ভব হয়েছিল। পরে সেই কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও খাল খনন শুরু হয়েছে। এতে দেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং কর্মসংস্থান বাড়বে।

তিনি বলেন, টেকসই কৃষি উন্নয়নের মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা আরও সুদৃঢ় হবে। এ জন্য কৃষক, গবেষক এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রায় ১৫০ কেজি রুইজাতীয় মাছের পোনা জলাশয়ে অবমুক্ত করা হয়। কেরানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, সদস্যসচিব সামিউল্লাহ, ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, ইউনিয়ন বিএনপির সদস্য সেলিম মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..