১১ বছর পর আবারও এক হচ্ছেন রাজ-মিমি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০২, | ১৪:৫২:৪৯ |
একসময় টলিপাড়ায় বেশ জনপ্রিয় ছিল রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর জুটি। একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করলেও ২০১৫ সালের পর আর একই সিনেমাতে দেখা যায়নি তাদের। দীর্ঘ ১১ বছরের বিরতির পর এবার ফের একসঙ্গে কাজ করতে চলেছেন রাজ-মিমি। তবে এবার পরিচালকের আসনে থাকছেন না রাজ, থাকছেন প্রযোজকের ভূমিকায়।

মিমির অভিনয়জীবনের শুরুর দিকেই রাজ চক্রবর্তীর সঙ্গে তার পরিচয়। ‘গানের ওপারে’ ধারাবাহিকের পর রাজের পরিচালনায় ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় অভিনয় করেন মিমি। এরপর ‘যোদ্ধা’ এবং সবশেষ ২০১৫ সালের ‘কাটমুণ্ডু’ সিনেমায় একসঙ্গে কাজ করেন তারা।

এরপর দীর্ঘ সময় দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। তাদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ নিয়ে নানা আলোচনা থাকলেও এ বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেননি কেউই।

তবে ভারতীয় গণমাধ্যম টিভি৯ বাংলার প্রতিবেদন অনুযায়ী, রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে নতুন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে মিমিকে। জি ফাইভের জন্য নির্মিত হতে যাওয়া সিনেমাটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী। এটি একটি সারভাইভাল থ্রিলার, যেখানে গল্পের প্রধান চরিত্রে থাকবেন একজন নারী।

মিমির ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, সিনেমাটি নিয়ে আলোচনা এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শুটিং শুরু করতে পারেন অভিনেত্রী। তবে এখনো প্রযোজনা সংস্থা বা মিমির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে রাজের কাছ থেকে সিনেমার প্রস্তাব এলে কাজ করবেন কি না-এমন প্রশ্নের জবাবে মিমি জানিয়েছিলেন, ‘হ্যাঁ, অবশ্যই করব।’ অন্যদিকে রাজও মিমিকে ‘দারুণ অভিনেত্রী’ উল্লেখ করে জানিয়েছিলেন, উপযুক্ত গল্প পেলে তাকে অবশ্যই প্রস্তাব দেবেন।

ফলে সব ঠিক থাকলে ১১ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে দেখা যাবে রাজ-মিমিকে। এবার অবশ্য পর্দার জুটি নয়, প্রযোজক ও অভিনেত্রীর ভূমিকায় তাদের নতুন সমীকরণ দেখার অপেক্ষা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..