✕


সম্পদ নয়, খ্যাতি নয়—প্রকৃত সফলতা কোথায়?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ০৮:৫২:৫১ |

মানুষের প্রকৃত সফলতা কোথায়? অর্থ-সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি কিংবা সামাজিক মর্যাদার মধ্যে? নাকি নির্মল হৃদয়, সুন্দর চরিত্র ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যে? ইসলাম এ প্রশ্নের সুস্পষ্ট উত্তর দিয়েছে। মানুষের প্রকৃত সফলতা তার আত্মার পরিশুদ্ধি, চরিত্রের উৎকর্ষ এবং আল্লাহর অনুগত জীবনযাপনের মধ্যেই নিহিত। বাহ্যিক উন্নতি মানুষের পার্থিব জীবনকে সমৃদ্ধ করতে পারে, কিন্তু আত্মিক পরিশুদ্ধি ছাড়া তার জীবন পূর্ণতা লাভ করে না। তাই আত্মশুদ্ধি শুধু ব্যক্তিগত সাধনার বিষয় নয়; বরং দুনিয়া ও আখেরাতের মুক্তির অন্যতম প্রধান সোপান।

আত্মশুদ্ধির গুরুত্ব
আত্মশুদ্ধির আরবি প্রতিশব্দ ‘তাজকিয়ায়ে নফস’। এর অর্থ হলো আত্মাকে পাপ, অন্যায়, হিংসা, অহংকার, লোভ, প্রবৃত্তির দাসত্ব ও যাবতীয় আত্মিক কলুষতা থেকে পবিত্র করা এবং তাকওয়া, ইখলাস, সবর, শোকর, বিনয় ও উত্তম চরিত্রের গুণাবলি অর্জন করা। মোটকথা, নফসের পরিশুদ্ধি মানে পাপচিন্তা, পাপের ইচ্ছা ও পাপাচারী মানসিকতা থেকে মুক্ত হওয়া এবং প্রবৃত্তিকে আল্লাহর বিধানের অনুগত করা।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা আত্মশুদ্ধির গুরুত্ব অত্যন্ত জোরালোভাবে ঘোষণা করেছেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই সে সফল হয়েছে, যে আত্মাকে পরিশুদ্ধ করেছে। আর সে ব্যর্থ হয়েছে, যে তাকে কলুষিত করেছে।’ (সুরা আশ-শামস, ৯-১০)। লক্ষণীয় বিষয় হলো, এ ঘোষণার আগে আল্লাহ তায়ালা সূর্য, চন্দ্র, দিন, রাত, আকাশ, পৃথিবী ও মানবাত্মার কসম করেছেন। এরপর মানবজীবনের সফলতা ও ব্যর্থতার চূড়ান্ত মানদণ্ড হিসেবে আত্মশুদ্ধির কথা উল্লেখ করেছেন। অর্থাৎ মানুষের প্রকৃত সফলতা নির্ভর করে তার আত্মিক অবস্থার ওপর।

নবি-রাসুল প্রেরণের অন্যতম উদ্দেশ্য
মানবজাতির হেদায়েত ও আত্মিক পরিশুদ্ধির জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে নবি-রাসুল পাঠিয়েছেন। শেষ নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অন্যতম উদ্দেশ্যও ছিল মানুষের আত্মশুদ্ধি ও চরিত্র সংশোধন। ইরশাদ হয়েছে, ‘তিনিই নিরক্ষরদের মধ্যে তাদেরই একজনকে রাসুল হিসেবে পাঠিয়েছেন, যিনি তাদের কাছে তার আয়াতগুলো তিলাওয়াত করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন।’ (সুরা আল-জুমুআ, ২)

এ আয়াত থেকে বোঝা যায়, কোরআনের শিক্ষা, নববি আদর্শ এবং আত্মশুদ্ধি পরস্পর অবিচ্ছেদ্য। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, সেই জ্ঞান অনুযায়ী নিজের জীবন ও চরিত্র গড়ে তুলতে হবে।

অন্তরের পরিশুদ্ধি কেন জরুরি?
মানুষের বাহ্যিক আচরণ ও কর্মকাণ্ডের ওপর তার অন্তরের গভীর প্রভাব রয়েছে। অন্তর ভালো হলে তার প্রভাব কথাবার্তা, আচার-ব্যবহার ও লেনদেনে প্রকাশ পায়। আর অন্তর কলুষিত হলে তার প্রতিফলন ঘটে অন্যায়, অবিচার ও অসদাচরণে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘জেনে রেখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে। সেটি সুস্থ থাকলে পুরো শরীর সুস্থ থাকে, আর সেটি নষ্ট হলে পুরো শরীর নষ্ট হয়ে যায়। জেনে রেখো, সেটি হলো অন্তর।’ (বুখারি, ৫২; মুসলিম, ১৫৯৯)।

তাই আত্মশুদ্ধির জন্য অন্তরের পরিচর্যা অপরিহার্য। হিংসা, অহংকার, আত্মমুগ্ধতা, লোকদেখানো আমল, পরনিন্দা ও দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ মানুষের অন্তরকে কলুষিত করে। এসব ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য প্রয়োজন আন্তরিক চেষ্টা, নিয়মিত আত্মসমালোচনা এবং কোরআন-সুন্নাহর অনুসরণ।

আত্মশুদ্ধি অর্জনের কার্যকর উপায়: আত্মশুদ্ধি এক দিনের কোনো কর্মসূচি নয়; বরং সারা জীবনের সাধনা। এ পথে অগ্রসর হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় রয়েছে-

প্রথমত. তওবা ও ইস্তিগফার। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু ভুলের ওপর অবিচল থাকা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। কোনো গুনাহ হয়ে গেলে তা স্বীকার করে অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া এবং পুনরায় না করার দৃঢ় সংকল্প গ্রহণ করা জরুরি। আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো।’ (সুরা আত-তাহরিম, ৮)।

দ্বিতীয়ত. নিয়মিত কোরআন তিলাওয়াত ও তার অর্থ অনুধাবন। কোরআন মানুষের অন্তরকে আলোকিত করে, সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে সাহায্য করে এবং আল্লাহর প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। ইরশাদ হয়েছে, হে মানবজাতি! তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ এবং তোমাদের অন্তরে যা আছে (মানসিক ও আত্মিক ব্যাধি) তার আরোগ্য, আর মুমিনদের জন্য হেদায়াত ও রহমত। (সুরা ইউনুস, ৫৭)

তৃতীয়ত. নামাজ ও অন্যান্য ইবাদতে যত্নবান হওয়া। আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। (সুরা আল-আনকাবুত, ৪৫)। অতএব নামাজ শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং চরিত্র সংশোধনের অন্যতম মাধ্যম।

চতুর্থত. আত্মসমালোচনা বা মুহাসাবায়ে নফস। প্রতিদিন নিজের কাজকর্ম পর্যালোচনা করা উচিত। আজকের দিনে কারও অধিকার নষ্ট করেছি কি না, কারও মনে কষ্ট দিয়েছি কি না, কোনো গুনাহে জড়িয়েছি কি না—এসব বিষয়ে নিজের কাছে জবাবদিহি করতে হবে। নিজের আচরণে কোন আত্মিক ব্যাধির প্রভাব রয়েছে, তা শনাক্ত করে কোরআন-সুন্নাহর আলোকে তার চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া উচিত।

রাসুল (সা:) বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের নফসের হিসাব নেয় (আত্মসমালোচনা করে) এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। আর অক্ষম সে ব্যক্তি, যে নিজের নফসের খেয়ালখুশির অনুসরণ করে এবং আল্লাহর কাছে (ক্ষমার) আশা পোষণ করে।(জামে তিরমিজি, ২৪৫৯)।

পঞ্চমত. সৎ মানুষের সান্নিধ্য গ্রহণ। মানুষের চিন্তা ও চরিত্র গঠনে সঙ্গের প্রভাব অনেক। তাই আল্লাহভীরু, সত্যবাদী ও সৎকর্মশীল মানুষের সাহচর্য গ্রহণ করা উচিত। পাশাপাশি অভিজ্ঞ ও নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে দ্বীনি দিকনির্দেশনা নেওয়া প্রয়োজন। কোরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎকর্মপরায়ণ (সত্যবাদী) দের সাথী হও। (সুরা আত-তাওবা, ১১৯)।

ষষ্ঠত. জিকির-দোয়া ও নফল ইবাদতে অভ্যস্ত হওয়া। আল্লাহর স্মরণ অন্তরে প্রশান্তি সৃষ্টি করে। পবিত্র কোরআনে বলা হয়েছে, জেনে রেখো, আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্তি লাভ করে।’ (সুরা আর-রাদ, ২৮)।

আত্মশুদ্ধির পথে প্রধান অন্তরায়
আত্মশুদ্ধির পথে সবচেয়ে বড় বাধা হলো নফসের প্রবৃত্তি, শয়তানের প্ররোচনা এবং দুনিয়ার মোহ। মানুষ যখন নিজের ইচ্ছা ও কামনাকে আল্লাহর বিধানের ওপর প্রাধান্য দেয়, তখন তার আত্মিক অবক্ষয় শুরু হয়। অহংকার মানুষকে সত্য গ্রহণে বাধা দেয়, হিংসা অন্যের কল্যাণে অসন্তুষ্ট করে এবং লোভ মানুষকে অন্যের অধিকার হরণে প্ররোচিত করে। এ ছাড়া লোকদেখানো ইবাদত, আত্মপ্রশংসা ও অন্যকে তুচ্ছজ্ঞান করার প্রবণতাও আত্মশুদ্ধির পরিপন্থী। তাই নিজের আমল নিয়ে অহংকার না করে আল্লাহর কাছে কবুলিয়াত কামনা করতে হবে।

আত্মশুদ্ধি ব্যক্তি ও সমাজের মুক্তির পথ
আত্মশুদ্ধির প্রভাব শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর ইতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রেও ছড়িয়ে পড়ে। একজন আত্মশুদ্ধ মানুষ অন্যের অধিকার সংরক্ষণ করেন, লেনদেনে সততা বজায় রাখেন, দায়িত্ব পালনে নিষ্ঠাবান থাকেন এবং অন্যায়ের প্রতিবাদ করেন। ফলে সমাজে ন্যায়বিচার, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও শান্তির পরিবেশ সৃষ্টি হয়। অন্যদিকে মানুষের অন্তর যদি হিংসা, লোভ, স্বার্থপরতা ও অহংকারে আচ্ছন্ন থাকে, তাহলে বাহ্যিক উন্নয়ন সত্ত্বেও সমাজে শান্তি প্রতিষ্ঠা কঠিন। এ কারণেই ইসলামে বাহ্যিক আমলের পাশাপাশি অন্তরের পরিশুদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তাই আত্মশুদ্ধি কোনো সাধারণ বিষয় নয়; বরং অমূল্য রতন। এটি একজন মুমিনের অপরিহার্য দায়িত্ব। দুনিয়ার জীবনে সম্মানজনক অবস্থান এবং আখেরাতে মুক্তি ও সফলতা অর্জনের জন্য আত্মার পরিশুদ্ধির বিকল্প নেই। তাই প্রত্যেকের উচিত নিজের অন্তরের অবস্থা সম্পর্কে সচেতন হওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, নিয়মিত তওবা-ইস্তিগফার করা এবং কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা। মনে রাখতে হবে, মানুষের প্রকৃত মর্যাদা তার বাহ্যিক চাকচিক্যে নয়; বরং তার ঈমান, তাকওয়া ও নির্মল চরিত্রে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মশুদ্ধি অর্জনের তাওফিক দান করুন এবং দুনিয়া ও আখেরাতে প্রকৃত সফলতা দান করুন। আমিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..