প্রথমবার জুটি বাঁধছেন টম ক্রুজ ও অ্যান হ্যাথাওয়ে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩০, | ১১:৩৩:০৫ |

গতি, রোমাঞ্চ আর রেসিং ট্র্যাকের থ্রিল নিয়ে আশির দশকের ব্লকবাস্টার ‘ডেজ অব থান্ডার’-এর নতুন অধ্যায় নিয়ে ফিরছেন হলিউড মেগাস্টার টম ক্রুজ। দীর্ঘ প্রায় চার দশক পর নির্মিত হতে যাওয়া এই বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলে তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। 

প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, ২০২৮ সালের ২ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। খবরটি নিশ্চিত করে শনিবার টম ক্রুজ নিজেই একটি প্রচারণামূলক ছবি প্রকাশ করেন, যেখানে অ্যান হ্যাথাওয়ের সঙ্গে তাকে একটি রেসিং ট্র্যাকে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে। 

সিনেমাটি অ্যাকশনপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে, কারণ এটি নির্মিত হচ্ছে সরাসরি আইম্যাক্স ক্যামেরায় এবং আইম্যাক্সের পাশাপাশি ডলবি সিনেমা ও ৪ডিএক্স ফরম্যাটেও বিশ্বজুড়ে একযোগে মুক্তি পাবে।

টনি স্কট পরিচালিত ১৯৯০ সালের মূল ছবিটিতে টম ক্রুজ অভিনয় করেছিলেন দুর্দান্ত রেসার কোল ট্রিকল চরিত্রে। নতুন এই পর্বেও ক্রুজকে তার পুরোনো সেই আইকনিক চরিত্রেই দেখতে পাবেন দর্শক। নতুন কী থাকছে সে বিষয়ে গল্পের পুরোটা প্রকাশ না করা হলেও জানা গেছে, ছবিতে অ্যান হ্যাথাওয়ে অভিনয় করবেন একজন রেসিং কার টিমের মালিক ও পেশাদার প্রকৌশলীর ভূমিকায়। ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন ‘লং শট’ খ্যাত পরিচালক জোনাথন লেভাইন। প্রযোজক হিসেবে টম ক্রুজের পাশাপাশি যুক্ত আছেন জেরি ব্রাকহাইমার এবং টমি হার্পার।

নব্বইয়ের দশকের সেই কালজয়ী মূল ‘ডেজ অব থান্ডার’ ছবিতে একজন অবসরপ্রাপ্ত রেসিং লিজেন্ডের (রবার্ট ডুভাল) মাধ্যমে নাসকার রেসিং টিমে কোল ট্রিকলের যুক্ত হওয়ার গল্প ফুটে উঠেছিল। সেখানে ক্রুজ ও ডুভালের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন নিকোল কিডম্যান, র‍্যান্ডি কুয়েড এবং জন সি রেলি। সেই ঐতিহাসিক ফ্র্যাঞ্চাইজির রিমেক বা সিক্যুয়েলে এবার হ্যাথাওয়ের যুক্ত হওয়া সিনেমাজগতে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

কাজের দিক থেকে চলতি বছরটি অ্যান হ্যাথাওয়ের জন্য অসাধারণ কাটছে। এ বছর সিনেমা হলে ইতিমধ্যে তার চারটি বড় সিনেমা মুক্তি পেয়েছে—‘মাদার মেরি’,‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২’, ‘দ্য ওডিসি’ এবং ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। বর্তমানে সন্তানসম্ভবা এই বিশ্বখ্যাত তারকা বছরটি শেষ করবেন কলিন হুভারের বহুল আলোচিত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ভেরিটি’ সিনেমা দিয়ে। তা ছাড়া অ্যাডাম ড্রাইভারের সঙ্গে মিলিটারি ড্রামা ‘অ্যালোন অ্যাট ডন’-এর শুটিং শেষ করে তিনি এখন কাজ করছেন তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’-এর তৃতীয় পর্ব নিয়ে।

অন্যদিকে, টম ক্রুজ তার তুমুল জনপ্রিয় ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজি শেষ করার পর প্রথমবারের মতো অন্য কোনো বড় ফ্র্যাঞ্চাইজি কাজে হাত দিলেন। এই প্রজেক্টের পাশাপাশি ক্রুজ কাজ করছেন ‘টপ গান’-এর পরবর্তী কিস্তিতে। তা ছাড়া আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুর নতুন ড্রামা ফিল্ম ‘ডিগার’-এর মাধ্যমে এ বছরই তিনি আবারও নিজেকে অন্যধারার সিনেমাজগতে নতুনভাবে মেলে ধরছেন।

সূত্র: ভ্যারাইটি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..