✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৮, | ০১:৩২:২১ |দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টক্সিক’ গতকাল ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক ও সিনেমাপ্রেমীদের একটি বড় অংশের কাছ থেকে তীব্র সমালোচনার মুখোমুখি হচ্ছে। ছবিটিকে ঘিরে এই ট্রোল ও নেতিবাচক প্রতিক্রিয়ার মাঝেই যুক্ত হয়েছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক গীতু মোহনদাসের পুরোনো একটি সাক্ষাৎকার দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি চিত্রনাট্য বা স্ক্রিপ্ট না মেনে কাজ করার কথা স্বীকার করেছিলেন। তার সেই মন্তব্যকে ঘিরে এখন নেটিজেনদের মধ্যে নতুন করে রসিকতা ও তোপ দাগানো শুরু হয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিও ক্লিপে গীতু গীতু মোহনদাসকে স্পষ্টভাবে বলতে শোনা যায়, আমি যা লিখি, শুট করার সময় তা বদলে যায়। আবার এডিটিংয়ের টেবিলে গিয়ে তৈরি হয় অন্য কিছু, আর তারপরেই সিনেমাটি দর্শকদের সামনে আসে। আর তাতেই আমি সন্তুষ্ট। আমি কখনোই স্ক্রিপ্ট হুবহু মেনে কাজ করি না। এমনকি এখনো যখন আমার পরবর্তী সিনেমার বিষয়ে প্রযোজকদের সঙ্গে দেখা করি বা কথা বলি, তখন শুরুতেই আমি তাদের একটা কথাই পরিষ্কার করে জানিয়ে দিই, ‘কাগজে আপনারা যা পড়ছেন, পর্দায় কিন্তু হুবহু তা পাবেন না। মোটকথা যা পড়ছেন, তা চূড়ান্ত নয়!’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে এক নেটিজেন কটাক্ষের সুরে লিখেছেন, ‘টক্সিক’ সিনেমার কাজ শুরু করার আগে গীতু মোহনদাসের দেওয়া ইন্টারভিউ, ‘আমি একটা লিখি, আরেকটা শুট করি, এডিটে গিয়ে আরেক রূপ নেয়। তারপর ছবি বের হয় আর আমি তাতেই খুশি। আমি কখনো চিত্রনাট্যে আটকে থাকি না। পরবর্তী ছবির জন্য প্রযোজকদের সঙ্গে মিটিংয়ের সময়ও তিনি নাকি একই কথা বলেন যে আপনি যা পড়ছেন তা দিনশেষে পাবেন না!’ একইভাবে অপর এক এক্স (টুইটার) ব্যবহারকারীও ভিডিওটি পোস্ট করে সংক্ষেপে লিখেছেন, #টক্সিক পরিচালক #গীতুমোহনদাস-এর নিজস্ব ভাষ্য।
উল্লেখ্য, পর্তুগিজ শাসনামলের গোয়ার পটভূমিতে নির্মিত ‘টক্সিক’ একটি পিরিয়ড গ্যাংস্টার অ্যাকশন ড্রামা। গীতু মোহনদাসের পরিচালনায় এই সিনেমায় কন্নড় তারকা যশকে একটি দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। যশ ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত।
‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নামের এই বিগ বাজেট প্রজেক্টটি যৌথভাবে প্রযোজনা করেছে কেভিএন প্রডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। তবে মুক্তির পরপরই প্রত্যাশিত সাড়া না পেয়ে এবং পরিচালকের পুরোনো মন্তব্যের কারণে সিনেমাটি এখন বক্স অফিসের পাশাপাশি নেটদুনিয়াতেও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
সূত্র: এনডিটিভি