✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৭, | ১৪:৫০:৩৭ |বিনোদনজগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, হলিউডের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী টিম কারি মারা গেছেন। প্রয়াণকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
সত্তরের দশকে ‘দ্য রকি হরর পিকচার শো’-তে ডক্টর ফ্রাঙ্ক এন ফার্টার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই প্রবীণ অভিনেতা। লস অ্যাঞ্জেলেসের তোলুকা লেকে নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
তার দীর্ঘদিনের ম্যানেজার মার্সিয়া হারউইটজ বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটিকে এই তথ্য নিশ্চিত করে জানান যে, মঙ্গলবার শান্ত পরিবেশে তিনি মৃত্যুবরণ করেন। যদিও তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ২০১২ সালে ভয়াবহ স্ট্রোকের পর থেকেই এই অভিনেতা বিভিন্ন ধরনের জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।
টিম কারি ১৯৭৩ সালে লন্ডনের মঞ্চে প্রথমবারের মতো ডক্টর ফ্রাঙ্ক এন ফার্টার চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের কালজয়ী চলচ্চিত্রেও তিনি এই আইকনিক চরিত্রটিতে অভিনয় করেন। সিনেমাটি মুক্তির পরপরই খুব একটা সাড়া ফেলতে না পারলেও, সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি নিবেদিত ভক্তগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয় এবং পপ কালচারের ইতিহাসে অন্যতম সেরা ‘কাল্ট ক্লাসিক’ সিনেমা হিসেবে স্বীকৃতি পায়।
পরবর্তী জীবনে টিম কারি বহুমুখী চরিত্রে অভিনয় করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। বিশেষ করে অদ্ভুত, খামখেয়ালী ও খলনায়কের চরিত্রগুলোতে তার অভিনয় ছিল অনন্য। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘ক্লু’, ‘অ্যানি’, ‘লেজেন্ড’, ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউ ইয়র্ক’, ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’ এবং ‘চার্লিস অ্যাঞ্জেলস’-এর মতো বিশ্ববিখ্যাত সব সিনেমা।
বড় পর্দার পাশাপাশি নাট্যমঞ্চেও টিম কারি ছিলেন সমানভাবে সম্মানিত ও সফল এক শিল্পী। ব্রডওয়ে ও ওয়েস্ট এন্ডের মঞ্চে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি তিনটি সম্মানজনক টনি অ্যাওয়ার্ডের মনোনয়ন লাভ করেন। ‘অ্যামাডিউস’, ‘মাই ফেভারিট ইয়ার’ এবং ‘মন্টি পাইথন্স স্প্যামালট’ নাটকে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি এই মনোনয়নগুলো অর্জন করেছিলেন।
অভিনয়ের পাশাপাশি তার স্বতন্ত্র ও প্রভাবশালী কণ্ঠের জন্যও তিনি সুপরিচিত ছিলেন। বহু অ্যানিমেটেড প্রজেক্ট ও চলচ্চিত্রে ভয়েস অ্যাক্টর হিসেবে তিনি কাজ করেছেন। ১৯৯১ সালে ‘পিটার প্যান অ্যান্ড দ্য পাইরেটস’ অ্যানিমেটেড সিরিজে কণ্ঠ দিয়ে তিনি সম্মানজনক ডেবিলিজম বা ডেটাইম এমি অ্যাওয়ার্ড জয় করেন।
২০১২ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তার অভিনয়জীবনের ব্যস্ততা অনেকটাই কমে আসে, তবে তিনি কাজ করা একবারে থামিয়ে দেননি। শারীরিকভাবে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি বেশ কিছু নির্বাচিত প্রজেক্টে যুক্ত ছিলেন। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত হরর চলচ্চিত্র ‘স্ট্রিম’-এর মাধ্যমে তিনি পুনরায় রুপালি পর্দায় প্রত্যাবর্তন করেন। অভিনয়ের পাশাপাশি টিম কারি সংগীতেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন; তিনি বেশ কয়েকটি মিউজিক অ্যালবাম প্রকাশ করার পাশাপাশি নিজস্ব ব্যান্ড দল নিয়ে নিয়মিত স্টেজ শো পরিবেশন করতেন।
সংগীত ও চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখলেও, ‘দ্য রকি হরর পিকচার শো’-তে ডক্টর ফ্রাঙ্ক এন ফার্টার চরিত্রে তার নির্ভীক ও অনন্য অভিনয়ই তাকে পপ কালচারের ইতিহাসে চিরস্থায়ী এক আইকনে পরিণত করেছে, যা প্রজন্মের পর প্রজন্ম ভক্তদের অনুপ্রাণিত করে যাবে।
সূত্র: বিবিসি, এনডিটিভি