নেপালে আকস্মিক বন্যা

আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারব না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৭, | ১৪:৪১:১২ |

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বাড়ছেই। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশটিতে অবস্থান করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের গায়ক তাসরিফ খান।

গতকাল বুধবার সন্ধ্যায় সামাজিকমাধ্যমে প্রায় এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করে নিজের ও সঙ্গীদের নিরাপদে থাকার খবরটি জানান তিনি। একই সঙ্গে নেপালের ভয়াবহ পরিস্থিতির কথাও তুলে ধরে বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া চেয়েছেন এই গায়ক।

ভিডিওর ক্যাপশনে তাসরিফ খান লিখেছেন, ‘আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি।’

তিনি জানান, নেপালের উত্তরাঞ্চলে তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার আঘাতে বহু পর্যটক নিখোঁজ হয়েছেন এবং মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

ভিডিওতে তাসরিফ বলেন, নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ।

আকস্মিক বন্যার কারণে বিপুলসংখ্যক পর্যটক নিখোঁজ রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘মৃত্যুর সংখ্যা শুধু বাড়তেছে, শুধু বাড়ার সংবাদ আসতেছে।’

তবে নিজের ও সঙ্গীদের নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন তাসরিফ বলেন, ‘দুশ্চিন্তা করবেন না, আমরা একদম বিপরীত পাশে আছি।’

তবে নিরাপদে থাকলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না তাসরিফ ও তার সঙ্গীরা। দেশে ফেরার পথে থাকা সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না। কারণ আমরা যে রাস্তা দিয়ে যাবো, একটু আগে খবর পেলাম এই রাস্তায় আজ সকালে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আর এই কারণে শুধু রাস্তা ক্ষতিগ্রস্ত হইছে তা না, রাস্তা একদম ভাসিয়ে নিয়ে গেছে। সরকারিভাবে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন, তাই আমরা চাইলেও দেশে ফিরতে পারতেছি না।’

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদেই দেশে ফিরতে পারবেন বলে তিনি আশা করছেন। একই সঙ্গে বাংলাদেশ ও দেশের বাইরের অসংখ্য মানুষ ফোন, মেসেজসহ বিভিন্ন মাধ্যমে তাদের খোঁজ নেওয়ায় কৃতজ্ঞতা জানান এই সংগীতশিল্পী।

এদিকে নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাত পর্যন্ত বন্যা ও ভূমিধসে অন্তত ১৭৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪০৩ জন। তাদের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক বলে জানিয়েছে নেপাল পর্যটন বোর্ড। নিখোঁজদের মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য।

সবশেষে দুর্যোগের ভয়াবহতায় উদ্বেগ প্রকাশ করে তাসরিফ তার ভিডিও বার্তায় বলেন, ‘যারা এই মুহূর্তে বিপদগ্রস্ত, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..