✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ১১:৪০:৩৭ |যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের কাছে একটি ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪০টি গাড়ি পুড়ে গেছে। এসব গাড়ির বেশিরভাগই ছুটিতে যাওয়া যাত্রীদের।
শনিবার রাত ৯টার পর গ্যাটউইক বিমানবন্দর থেকে প্রায় আট মাইল দূরে ক্রোলির ক্যালডাইন বিজনেস পার্ক এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রাতভর কাজ করে।
অগ্নিকাণ্ডের তীব্রতায় বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হলে স্থানীয় ২ হাজার ১৩৩টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বেশির ভাগ এলাকায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও রবিবার সকাল পর্যন্ত প্রায় ৬০টি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।
এ ঘটনায় ছুটিতে যাওয়া বহু যাত্রী তাদের গাড়ির পরিণতি নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। গ্রাহকদের অভিযোগ, ভ্যালেট পার্কিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্যাফায়ার পার্কিং’ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাদের যথাযথ তথ্য দেওয়া হচ্ছে না এবং যোগাযোগও করা হচ্ছে না।
ভুক্তভোগী জর্জেস স্মিথ বলেন, পার্কিং এলাকা ঘিরে রাখায় কেউ সেখানে প্রবেশ করতে পারছেন না। অধিকাংশ গাড়ি পুড়ে যাওয়ায় নিজের গাড়ির কী অবস্থা, তা শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।
এদিকে এক বিবৃতিতে ‘স্যাফায়ার পার্কিং’ জানিয়েছে, নিরাপত্তাঝুঁকির কারণে পুলিশ ও ফায়ার সার্ভিস কাউকে ঘটনাস্থলে প্রবেশের অনুমতি দিচ্ছে না। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর গাড়িগুলোর ক্ষয়ক্ষতি মূল্যায়ন করে গ্রাহকদের বিস্তারিত তথ্য জানানো হবে।
গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনটি বিমানবন্দরের নিজস্ব কোনো পার্কিংয়ে লাগেনি। এটি ছিল তৃতীয় পক্ষের পরিচালিত একটি পার্কিং এলাকা। ক্ষতিগ্রস্ত বা উদ্বিগ্ন যাত্রীদের স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।