স্পর্শিয়ার ভাবনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ১৪:১৪:২৭ |

অর্চিতা স্পর্শিয়া। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এ অভিনেত্রী। সেখান থেকেও নিয়মিত ভ্রমণ, শিল্প ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃহস্পতিবার নিজের একটি ছবি পোস্ট করেছেন স্পর্শিয়া। ছবিতে তাঁকে একটি সোফায় বসে থাকতে দেখা যায়। পরনে লাল টপ ও বাদামি প্যান্ট। মুখে ছিল তাঁর চিরচেনা মিষ্টি হাসি। ছবিটির সঙ্গে নিজের একটি ভাবনাও ভাগ করে নিয়েছেন এ অভিনেত্রী।

তিনি লিখেছেন, ‘তারা বলে, ঝাঁপ দেওয়ার আগে দুবার ভাবো। আমি বলি, আগে ঝাঁপ দাও, তার পর যত খুশি ভেবো।’ বাংলায় যুগ যুগ ধরে প্রচলিত একটি প্রবাদ হলো ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। অর্থাৎ কোনো কাজ করার আগে তার ভালোমন্দ বিবেচনা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ কাজটি হয়ে যাওয়ার পর অনেক ক্ষেত্রেই আর কিছু করার থাকে না। তবে স্পর্শিয়ার ভাবনায় রয়েছে ভিন্ন এক দৃষ্টিভঙ্গি। তাঁর কথায় যেন ফুটে উঠেছে জীবনের অনিশ্চয়তা, সাহস আর রোমাঞ্চকে উপভোগ করার মানসিকতা। স্পর্শিয়ার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। তাই বছরের একটি বড় সময় সেখানেই কাটান তিনি। প্রবাসজীবনে ঘোরাঘুরির পাশাপাশি শিল্প ও সংস্কৃতির নানা আয়োজনও উপভোগ করছেন এ অভিনেত্রী।

সম্প্রতি নিউইয়র্কের একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখার অভিজ্ঞতা ও নিজের প্রতিক্রিয়া অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এরপর নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে গিয়ে দেখেছেন মার্থা গ্রাহামের একটি প্রদর্শনী। ভ্রমণ ও শিল্পের নানা দিক অনুভবের মধ্য দিয়েই কাটছে স্পর্শিয়ার প্রবাসজীবন।  

এদিকে অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন স্পর্শিয়া। তাঁকে বর্তমানে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ দেখা যাচ্ছে। নাটকটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ আরও অনেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..