১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ১৯:৫০:২৬ |

অনলাইনে ১০ ইঞ্চির একটি পিজ্জা অর্ডার করেছিলেন এক ভোজনরসিক গ্রাহক। কিন্তু ডেলিভারির পর প্যাকেট খুলতেই দেখেন, তাকে দেওয়া হয়েছে মাত্র ৭ ইঞ্চির পিজ্জা! অ্যাপে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি, মেলেনি টাকা ফেরত। তবে তিন ইঞ্চি ছোট পিজ্জা গছিয়ে দেওয়ার এই ঘটনা শেষ পর্যন্ত গড়িয়েছে আদালত পর্যন্ত। আর এর খেসারত হিসেবে গ্রাহক পেয়েছেন মোটা অঙ্কের ক্ষতিপূরণ।

অভিনব এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ওই গ্রাহক ৫০৫ রুপি দিয়ে পিজ্জাটি অর্ডার করেছিলেন। ভুল পিজ্জা পেয়ে তিনি কনজ্যুমার হেল্পলাইনে অভিযোগ জানান এবং আইনি নোটিশ পাঠান। এরপরও কাজ না হওয়ায় তিনি ক্রেতা সুরক্ষা ফোরামে অভিযোগ দায়ের করেন।

শুনানিতে ফুড ডেলিভারি প্ল্যাটফর্মটি জানায়, তারা কেবল রেস্তোরাঁ ও ক্রেতার মধ্যে মাধ্যম হিসেবে কাজ করে। খাবার তৈরি বা প্যাকেট করার দায় তাদের নয়। তবে কমিশনের কাছে তাদের এই যুক্তি টেকেনি।

প্রেসিডেন্ট গগন কুমার গুপ্তের নেতৃত্বাধীন কমিশন এই ঘটনাকে সেবার ঘাটতি ও অন্যায্য বাণিজ্য হিসেবে চিহ্নিত করে। আদেশে রেস্তোরাঁ ও ডেলিভারি প্ল্যাটফর্মকে যৌথভাবে ১০,৫২০ রুপি জরিমানা করা হয়। এর মধ্যে পিজ্জা ও ডেলিভারি চার্জের ৫২০ রুপি রয়েছে। বাকি ১০ হাজার রুপি মানসিক হয়রানি ও মামলার খরচ হিসেবে আগামী ৪৫ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..