গান্ধীর হাতে লেখা ৬৮৮টি নোট বিক্রি হলো ১৭ লাখ ডলারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ১৪:৪৭:৪৯ |
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর হাতে লেখা নোট সম্প্রতি নিলামে উঠেছে।

মুম্বাইয়ে অনুষ্ঠিত এক নিলামে তার ৬৮৮টি ব্যক্তিগত নোটের একটি বিরল সংগ্রহ রেকর্ড ১৬ লাখ ৯০ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশী মুদ্রায় এর মূল্য প্রায় ২০ কোটি টাকা।

১৯৪৪-৪৬ সালের মধ্যে লেখা এসব নোটে সত্য, অহিংসা ও আত্মসংযম নিয়ে গান্ধীর ভাবনা উঠে এসেছে। তবে এগুলো কোনো রাজনৈতিক ভাষণ বা আন্দোলনের কর্মসূচি নয়; বরং ঘনিষ্ঠ একজন মানুষের উদ্দেশে লেখা ব্যক্তিগত বার্তা। এসব লেখায় রাজনৈতিক নেতার পরিচয়ের আড়ালে গান্ধীকে দেখা যায় একজন পরামর্শদাতা, সহমর্মী ও মানবিক মানুষ হিসেবে।

নোটগুলোর মালিকানা ছিল গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ও স্বাধীনতা সংগ্রামী আনন্দ টি হিঙ্গোরানির পরিবারের কাছে। হিঙ্গোরানির স্ত্রী বিদ্যার মৃত্যুর পর প্রায় দুই বছর ধরে গান্ধী তাকে নিয়মিত লিখেছিলেন। শোকের সময় তাকে সান্ত্বনা দেয়া, জীবনের কঠিন মুহূর্তে সাহস জোগানো এবং আত্মসংযম ও নৈতিকতার পথে থাকার পরামর্শই ছিল এসব বার্তার মূল বিষয়। পরে সেগুলো সংকলিত হয়ে ‘আ থট ফর দ্য ডে’ নামে একটি বইয়ে প্রকাশিত হয়।

মুম্বাইভিত্তিক নিলাম প্রতিষ্ঠান স্যাফ্রনআর্ট জানিয়েছে, এ বিক্রি কোনো ভারতীয় ঐতিহাসিক দলিলের নিলামে পাওয়া সর্বোচ্চ মূল্য। ৮৬টি লট নিয়ে আয়োজিত ‘গান্ধী: ফ্রম দ্য কালেকশন অব আনন্দ টি হিঙ্গোরানি’ শীর্ষক নিলামে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল হাতে লেখা নোটগুলোর প্রতি।

স্যাফ্রনআর্টের সহপ্রতিষ্ঠাতা দিনেশ ভাজারানি বলেন, ‘এসব নোটে রাজনৈতিক নেতা গান্ধীর পাশাপাশি একজন ব্যক্তিগত, মানবিক ও সহমর্মী মানুষকেও আবিষ্কার করা যায়। তার মতে, প্রকাশ্যে যেসব নীতি ও আদর্শের কথা গান্ধী বলতেন, ব্যক্তিগত জীবনে সেগুলো কীভাবে অনুসরণ করতেন, এসব লেখায় তার বিরল প্রমাণ পাওয়া যায়।’

নিলামের অন্যান্য সামগ্রীর মধ্যে ছিল ঈশ্বর ও হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ্গীতা নিয়ে গান্ধীর হাতে লেখা কিছু নোট। ছিল তার ব্যবহৃত বহনযোগ্য চরকা এবং চরকা কাটাকে ঘিরে আধ্যাত্মিক অনুশাসন নিয়ে লেখা দুটি চিঠিও। হিঙ্গোরানি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব চিঠি, পাণ্ডুলিপি, আলোকচিত্র ও ব্যক্তিগত সামগ্রী সংরক্ষণ করে আসছিল।

পুরো সংগ্রহটি শুধু গান্ধীর ব্যক্তিগত জীবনের একটি অধ্যায়ের স্মারক নয়; ভারতের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ সময়েরও সাক্ষ্য বহন করছে। দুই দশকের বেশি সময়জুড়ে বিস্তৃত এ সংগ্রহে যেমন স্বাধীনতা আন্দোলনের নানা পর্যায়ের স্মৃতি রয়েছে, তেমনি রয়েছে গান্ধী ও হিঙ্গোরানির দীর্ঘ বন্ধুত্বের ব্যক্তিগত ইতিহাস।

নিলামে ক্রেতার পরিচয় প্রকাশ করেনি স্যাফ্রনআর্ট। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৬৮৮টি হাতে লেখা নোট ভারতের বাইরে যাবে না। ফলে গান্ধীর ব্যক্তিগত ভাবনা ও জীবনদর্শনের এ বিরল দলিলগুলো ভারতের মাটিতেই সংরক্ষিত থাকবে।

—বিবিসি অবলম্বনে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..