স্টিভ জবসের স্কুল জীবনের বিজ্ঞান প্রকল্প নিলামে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ১৪:৪২:৩৬ |
অ্যাপলের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির ইতিহাসের নানা স্মারক নিলামে তোলা হয়েছে। এসবের মধ্যে রয়েছে কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের অষ্টম শ্রেণীর বিজ্ঞান মেলার একটি প্রকল্প।

অ্যাপল প্রতিষ্ঠার বহু বছর আগে তৈরি করা ওই প্রকল্পের দাম ২০ হাজার ডলারের বেশি উঠতে পারে বলে ধারণা করছে নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন।

‘হোয়াট ইজ দ্য সিলিকন-কন্ট্রোলড রেকটিফায়ার?’ নামের প্রকল্পটি আরআর অকশনের ‘স্টিভ জবস অ্যান্ড দ্য কম্পিউটার রেভল্যুশন: দ্য অ্যাপল ফিফটিন্থ অ্যানিভার্সারি অকশন পার্ট টু’ নিলামের ২১২টি লটের একটি। নিলামটি স্থানীয় সময় আজ শেষ হওয়ার কথা।

প্রকল্পটি তৈরি করা হয়েছিল ১৯৬৮ সালের ২৯ ফেব্রুয়ারি। এতে রয়েছে ১০ পাতার একটি প্রতিবেদন ও তিন প্যানেলের একটি কাঠের প্রদর্শনী বোর্ড। এতে সিলিকন-কন্ট্রোলড রেকটিফায়ার নিয়ে ব্যাখ্যা দেয়া হয়েছে। এটি এমন একটি সেমিকন্ডাক্টর যন্ত্র, যা বৈদ্যুতিক শক্তি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়।

প্রদর্শনী বোর্ডের মাঝখানে রয়েছে দুটি পরীক্ষামূলক সার্কিট। জবস লিখেছিলেন, একটি সার্কিটের মাধ্যমে সিলিকন-কন্ট্রোলড রেকটিফায়ারের মৌলিক বৈশিষ্ট্য দেখানো হবে। অন্যটি দিয়ে মোটরের গতি নিয়ন্ত্রণ ও আলোর উজ্জ্বলতা কমানোর মতো কাজে এ প্রযুক্তির ব্যবহার দেখানো হবে।

প্রকল্পটির সঙ্গে জবসের একটি ছোট সতর্কবার্তাও রয়েছে। বিজ্ঞান মেলার বিচারকদের উদ্দেশে তিনি লিখেছিলেন, দ্বিতীয় সার্কিটটি ব্যবহারের পর যেন সেটির বৈদ্যুতিক সংযোগ খুলে দেয়া হয়।

আরআর অকশন জানায়, প্রকল্পটি বর্তমানে জবসের সৎভাই জন চোভানেকের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। জবসের বাবা পল জবস ১৯৯৩ সালে মারা যাওয়ার পরও প্রকল্পটি বহু বছর লস আলটোসে জবস পরিবারের বাড়িতে ছিল। চোভানেক ও তার মা একাধিকবার জবসকে প্রকল্পটি নিয়ে যেতে বলেছিলেন। তবে তিনি তা নেননি। পরে চোভানেক সেটি নিজের বাড়িতে নিয়ে যান ও এত বছর ধরে সংরক্ষণ করেন।

নিলামকারীর ধারণা, জবসের অষ্টম শ্রেণীর প্রকল্পটি ২০ হাজার ডলারের বেশি দামে বিক্রি হতে পারে। গত মঙ্গলবার বিকাল পর্যন্ত এর সর্বোচ্চ দর ছিল ৩ হাজার ২২২ ডলার।

তবে নিলামে শুধু জবসের স্কুল জীবনের স্মারকই নেই। অ্যাপলের ইতিহাসের আরো অনেক গুরুত্বপূর্ণ সামগ্রী রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে ‘নিউমার্ক’ অ্যাপল-১ কম্পিউটারের জন্য। ১৯৭৭ সালে তৈরি কম্পিউটারটি এখনো সচল। এটি রাখা হয়েছে স্মিথ-করোনা টাইপরাইটারের একটি কেসে। গত মঙ্গলবার পর্যন্ত এর দর ওঠে ২ লাখ ৫ হাজার ডলারে।

দ্বিতীয় সর্বোচ্চ দর উঠেছে ১৯৮৩ সালের একটি অ্যাপল কম্পিউটার বিজনেস কার্ডের জন্য। কার্ডটিতে জবসের স্বাক্ষর রয়েছে। এর দর ছিল ১ লাখ ৩ হাজার ৫৭৪ ডলার।

অ্যাপলের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নিলামের প্রথম পর্বটি এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। সেখানে অ্যাপলের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ স্মারক বিক্রি হয়। জবস ও স্টিভ ওজনিয়াকের স্বাক্ষর করা অ্যাপলের প্রথম চেকটি ২৪ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

—নাইন টু ফাইভ ম্যাক অবলম্বনে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..