রাজশাহী শিক্ষাবোর্ড

কেন্দ্র প্রধানের ভুলে ৪৫২ শিক্ষার্থীকে ২৫ নম্বর কম দিয়ে ফল প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১০, | ১৭:৫৬:৫৬ |

রাজশাহীতে এসএসসি পরীক্ষার কেন্দ্র প্রধানের ভুলে ফলাফল বিপর্যয়ে পড়েছে ৪৫২ জন শিক্ষার্থী। তিনটি স্কুলের শিক্ষার্থীদের ২৫ নম্বর করে কম দিয়েই ফলাফল প্রকাশ করা হয়েছে। এ নিয়ে ফলাফল প্রকাশের পর সোমবার দুপুরে নগরীর লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবরুব্ধ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 

কেন্দ্র প্রধান আইরিন জাফর নিজের ভুল স্বীকার করে জানান, শিক্ষাবোর্ডে ফলাফল সংশোধনের আবেদন জানানো হয়েছে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও জানান, আজকের (সোমবার) মধ্যেই ফলাফল সংশোধন করে পুনরায় রেজাল্ট দেওয়া হবে।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, রাজশাহী শিক্ষাবোর্ডে কেন্দ্র প্রধান ও পরীক্ষকের ভুলে ক্যারিয়ার এডুকেশন বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষায় ফলাফল দেওয়া হয়েছে পূর্ণমান ২৫ এর মধ্যে। ফলে রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া তিনটি স্কুলের ৪৫২ জন শিক্ষার্থীর ফলাফল বিপর্যয় ঘটে। এমন মারাত্মক ভুল ফলাফল প্রকাশিত হওয়ার পরেই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এমন দায়িত্বহীন কাজে জড়িতদের শাস্তির দাবি জানান তারা।

লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র প্রধান আইরিন জাফর নিজেদের ভুল স্বীকার করে জানান, অনিচ্ছাকৃতভাবে এমন ভুল হয়েছে। সাবজেক্টটি নতুন হওয়ায় নম্বর বসানোর সময় ভুলটি হয়েছে। অন্য বিষয়ের প্র্যাকটিক্যালের নম্বর ২৫। সেই হিসাব ধরে নম্বর বসাতে গিয়ে এমন ভুল হয়েছে। তবে বিষয়টি সংশোধনের জন্য বোর্ডে আবেদন জানানো হয়েছে।

দুপুরে শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে শিক্ষাবোর্ডে যান কেন্দ্র প্রধান। সেখানেও বিক্ষোভ করেন তারা। পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে মোবাইল ফোনে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী জানান, ফলাফল সংশোধন করার কাজ চলমান আছে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি যৌক্তিক। দ্রুত সময়ের সংশোধন করে আবার ফলাফল ঘোষণা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..