প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু, অভিযুক্ত গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৩, | ১৭:২৫:৫১ |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারের চালকের ঘুষিতে রফিক (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকারের চালক নাদিমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের সিদ্ধিরগঞ্জপুর এলাকার সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।
‎‎
নিহতের স্বজনদের অভিযোগ, রফিক হাওলাদার মাকসুদ পরিবহনের একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ঘটনার সময় তার অটোরিকশায় একজন নারী যাত্রী ছিলেন। পথে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সামান্য সংঘর্ষ হলে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রাইভেটকার চালক রফিককে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। এতে তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎পরিবারের সদস্যরা জানান, নিহত রফিক হাওলাদার পটুয়াখালী জেলার সদর উপজেলার গেরাখালী এলাকার মৃত- ইউনুছ হাওলাদারের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার নাঈমের গ্যারেজ থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, নিহতের স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত নাদিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করে দুই দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
‎তিনি আরো জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..