প্রতিটি ছবিতে আলাদা ক্যাপশন যুক্ত করার সুবিধা দিচ্ছে ইনস্টাগ্রাম
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-২১,
| ১৩:৪৫:০২ |
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তাদের ক্যারোসেল পোস্টে বড় ধরনের পরিবর্তন আনছে। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন একটি পোস্টের প্রতিটি ছবি বা ভিডিওর জন্য আলাদা ক্যাপশন যুক্ত করার সুযোগ পাবেন।
এতদিন একটি ক্যারোসেল পোস্টে একাধিক ছবি বা ভিডিও থাকলেও পুরো পোস্টের জন্য কেবল একটি ক্যাপশন ব্যবহার করা যেত। ফলে প্রতিটি স্লাইডের আলাদা বার্তা বা গল্প তুলে ধরতে ব্যবহারকারীদের সীমাবদ্ধতার মুখে পড়তে হতো। নতুন ফিচারটি সেই সীমাবদ্ধতা দূর করবে।
প্রতিবেদন অনুযায়ী, ক্যাপশন লেখার অংশে একটি বিশেষ ‘টগল’ অপশন থাকবে। এটি চালু করলে ব্যবহারকারীরা প্রতিটি ছবি বা ভিডিওর জন্য পৃথক ক্যাপশন লিখতে পারবেন। তবে এ সুবিধা ব্যবহার করা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয়; চাইলে আগের মতো একটি ক্যাপশনও ব্যবহার করা যাবে।
ইনস্টাগ্রাম জানিয়েছে, ফিচারটি ধীরে ধীরে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। সবার অ্যাকাউন্টে পৌঁছাতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।
এর আগে প্ল্যাটফর্মটি ক্যারোসেল পোস্টে সর্বোচ্চ ছবির সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ২০টি করার সুবিধা চালু করেছিল। নতুন আপডেটের ফলে এখন ব্যবহারকারীরা ২০টি ছবি বা ভিডিওর সঙ্গে ২০টি ভিন্ন ক্যাপশনও যুক্ত করতে পারবেন, যা কনটেন্ট তৈরিতে আরও সৃজনশীলতা ও বৈচিত্র্য যোগ করবে।
সাম্প্রতিক সময়ে ইনস্টাগ্রাম একের পর এক নতুন ফিচার চালু করছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপের ক্যামেরায় ‘আল্ট্রা এইচডিআর’ ও ‘নাইট সাইট’ মোড যুক্ত করা হয়েছে। পাশাপাশি ব্যবহারকারীরা এখন নিজেদের পছন্দ অনুযায়ী অ্যালগরিদম কাস্টমাইজ করা এবং প্রোফাইল গ্রিডে পোস্টের অবস্থান পরিবর্তনের সুবিধাও পাচ্ছেন।