পুষ্টিগুণ ও স্বাদে ভরপুর খাবারের তালিকায় খেজুরের অবস্থান অনেক ওপরে। বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণে নিয়মিত খেজুর খেলে হৃদ্যন্ত্র ও রক্তনালির সুস্থতা বজায় রাখতে সহায়তা করতে পারে।
পুষ্টিবিদরা জানিয়েছেন, প্রতিদিন অতিরিক্ত না খেয়ে প্রায় তিনটি খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। বিশেষ করে এটি হৃদ্রোগের ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বিশেষজ্ঞদের ভাষ্য, খেজুরে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে কাজ করে। ফলে দীর্ঘমেয়াদি হৃদ্রোগের ঝুঁকি কমতে পারে। এছাড়া খেজুরে থাকা ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে এবং ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে।
তারা আরও জানান, এসব উপাদান ধমনির দেয়ালে চর্বি জমা কমাতে সাহায্য করে, যা রক্তনালির সুস্থতা বজায় রাখতে এবং হৃদ্যন্ত্র ভালো রাখতে কার্যকর ভূমিকা রাখে।
বিশেষজ্ঞদের মতে, খেজুরের গ্লাইসেমিক ইনডেক্স মাঝারি হওয়ায় এবং এতে প্রচুর খাদ্যআঁশ থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। পাশাপাশি ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতেও ভূমিকা রাখতে পারে।
এছাড়া খেজুরে উচ্চমাত্রায় ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেশিয়াম রয়েছে, যা হাড় মজবুত করতে এবং অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সূত্র: সামা টিভি
এ জাতীয় আরো খবর..