✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১১, | ০১:৫৭:৪১ |মধু কিনে নিশ্চিন্তে খাচ্ছেন, কিন্তু মধুতে আসলে কী আছে, তা কি জানেন? বাজারে ভেজাল মধুর উপস্থিতি এবং তা তৈরিতে চিনি, কৃত্রিম ফ্লেভার ও রাসায়নিক পদার্থ ব্যবহারের ঘটনা ভোক্তাদের জন্য উদ্বেগজনক। যে খাবারটি আমরা স্বাস্থ্যের উপকারের আশায় কিনি, সেটিই যদি ভেজাল হয়, তাহলে সেই উপকারের প্রত্যাশা কতটা যুক্তিসংগত? তাই মধু কেনার ক্ষেত্রে শুধু দাম, স্বাদ কিংবা ‘খাঁটি’ লেখা দেখে সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট নয়; পণ্যের মান ও নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।
প্রাচীনকাল থেকেই মধু মানুষের খাদ্যাভ্যাস ও ঘরোয়া চিকিৎসার অংশ। সর্দি-কাশি, গলাব্যথা উপশমে কিংবা দৈনন্দিন খাবারে চিনির বিকল্প হিসেবে অনেকে মধু খান। প্রাকৃতিক মধুতে বিভিন্ন ধরনের শর্করা, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এর কিছু উপাদানের অ্যান্টিমাইক্রোবিয়াল বা অণুজীববিরোধী বৈশিষ্ট্যও রয়েছে। তবে মধুর এসব সম্ভাব্য স্বাস্থ্যগুণের সুফল পেতে হলে তা অবশ্যই খাঁটি, নিরাপদ এবং যথাযথভাবে সংরক্ষিত হতে হবে।
ভেজাল মধু তৈরির প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে সস্তা চিনি, ভুট্টার সিরাপ, গ্লুকোজ সিরাপসহ বিভিন্ন ধরনের মিষ্টিকারক মেশানো অথবা মৌমাছিদের কৃত্রিমভাবে চিনির সিরাপ খাইয়ে। কখনও ভালো মানের মধুর সঙ্গে নিম্নমানের মধু মিশিয়েও পণ্যের পরিমাণ বাড়ানো হয়। পুষ্টিগত দিক থেকে, সিরাপ বা পরিশোধিত চিনি মেশানোর ফলে মধুর স্বাভাবিক উপাদানগুলোর অনুপাত পরিবর্তিত হতে পারে। এর ফলে পণ্যের প্রকৃত মান ও পুষ্টিগত বৈশিষ্ট্য সম্পর্কে ভোক্তা বিভ্রান্ত হতে পারেন। যেমন, ভেজাল মধুতে মোট সুক্রোজের মাত্রা বেশি থাকে। ক্রেতার পক্ষে শুধু স্বাদ, রং বা ঘনত্ব দেখে এই ভেজাল শনাক্ত করা কঠিন।
এটি শুধু পণ্যের মানের প্রশ্ন নয়। ভেজাল মধু সেবন জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের বিষয়। মধুতে অতিরিক্ত চিনি বা চিনির সিরাপ মেশানো হলে ক্রেতা অজান্তেই প্রত্যাশার চেয়ে ভিন্ন একটি পণ্য গ্রহণ করতে পারেন। বর্তমান সময়ে আমরা অনেকেই শরীরের ওজন কমানোর জন্য চিনি খাই না বরং মধু খেয়ে থাকি। সেই মধু যদি ভেজাল হয়, সেটা নিয়মিত গ্রহণ করলে শরীরে সুক্রোজ বা শর্করার আধিক্য, অতিরিক্ত ক্যালরি গ্রহণ, ওজন বৃদ্ধি বা স্থুলতা, ইনসুলিন প্রতিরোধ এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। বিশেষত যাদের আগে থেকেই মেটাবলিক বিপাকীয় সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ঝুঁকিটি আরও গুরুত্বপূর্ণ। ভেজাল মধু নিয়ে প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গবেষণাতে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির বিষয়টি আলোচিত হয়েছে।
বাংলাদেশের বাজারে ভেজাল মধুর উপস্থিতির খবরও নতুন নয়। ২০২৬ সালের এপ্রিল মাসে ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানা থেকে প্রায় এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করার খবর প্রকাশিত হয়। সেখানে চিনি, রং, কৃত্রিম ফ্লেভার ও বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে মধু তৈরি করা হচ্ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। এত বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দের ঘটনা প্রশ্ন তোলে, ভোক্তারা যে মধু কিনছেন, তার প্রকৃত মান সম্পর্কে নিশ্চিত হওয়ার সুযোগ কতটা?
একটি পণ্য আসল কি না, তা নির্ধারণের জন্য নির্ভরযোগ্য মান নিয়ন্ত্রণ, যথাযথ পরীক্ষা এবং উৎপাদন ও সরবরাহব্যবস্থায় জবাবদিহি প্রয়োজন। শুধু প্রচারণার সময় ‘খাঁটি মধু’ লিখে দিলেই পণ্যটি খাঁটি হয়ে যায় না।
ক্রেতা হিসেবে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। খোলা মধুর পরিবর্তে বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে মোড়কজাত মধু কেনা তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত হতে পারে। বোতলের গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, উৎপাদনের তারিখ, মেয়াদ, সংরক্ষণবিধি এবং প্রযোজ্য মান নিয়ন্ত্রণের তথ্য আছে কি না, তা দেখা উচিত। সম্ভব হলে নির্ভরযোগ্য মান সনদ ও পরীক্ষার তথ্যও যাচাই করা যেতে পারে।
মধুর রং, ঘনত্ব ও স্বাদও সব সময় এক রকম হয় না। কোন ফুল থেকে মধু সংগ্রহ করা হয়েছে, কোথায় উৎপাদিত হয়েছে এবং কীভাবে সংরক্ষণ করা হয়েছে, এসব বিষয়ের ওপর এর বৈশিষ্ট্য নির্ভর করে। যেমন, মার্চ থেকে এপ্রিল মাসে সুন্দরবনজুড়ে ফোটা খলিশা ফুল থেকে সংগৃহীত মধুর রং সচরাচর সাদা হয়ে থাকে। তাই, শুধু রং বা ঘনত্বের পার্থক্য দেখে কোন মধুকে ভেজাল বলে ধরে নেওয়া যেমন ঠিক নয়, তেমনি এসব বৈশিষ্ট্য দেখে সেটিকে খাঁটি বলাও ঠিক নয়।
পানিতে মধু মিশিয়ে দেখা কিংবা আঙুলে নিয়ে এর ঘনত্ব পরীক্ষা করার মতো কিছু ঘরোয়া কৌশল প্রচলিত আছে। কিন্তু এগুলো দিয়ে নির্ভরযোগ্যভাবে মধুর বিশুদ্ধতা নিশ্চিত করা যায় না। খাঁটি মধুর বৈশিষ্ট্য উৎস ও সংরক্ষণপদ্ধতির কারণে বদলাতে পারে। ভেজাল শনাক্ত করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো উপযুক্ত পরীক্ষাগারে পরীক্ষা করা। তাই, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত ঘরোয়া পরীক্ষার ওপর পুরোপুরি নির্ভর না করে পণ্যের উৎস, প্রস্তুতকারক ও মান নিয়ন্ত্রণের তথ্য যাচাই করাই ভালো।
ভোক্তাদের যেমন সচেতনভাবে পণ্য বেছে নিতে হবে, তেমনি উৎপাদক ও বিক্রেতাদেরও পণ্যের বিশুদ্ধতা সম্পর্কে স্বচ্ছ থাকতে হবে। খোলা বাজারে ভেজাল মধুর বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত বাজার তদারকি, ভেজালবিরোধী অভিযান, যথাযথ শাস্তি এবং পরীক্ষার ফলাফল সম্পর্কে জনসাধারণকে অবহিত করা প্রয়োজন। কারণ নিরাপদ মধু নিশ্চিত করার দায়িত্ব ক্রেতার নয়; এটি উৎপাদক, বিক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থার।