জুতা ব্যবসা ছেড়ে এআই খাতে অলবার্ডস শেয়ারদর লাফিয়েছে ৫৮২ শতাংশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২১, | ১৩:৫৯:৩২ |
ব্যবসায়িক মডেলে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে একসময়কার জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান অলবার্ডস।

লোকসানে থাকা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি এখন জুতা ব্যবসা ছেড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির খাতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এ ঘোষণা আসার পর পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারদর একদিনে ৫৮২ শতাংশ বেড়েছে। খবর সিএনবিসি।

অলবার্ডস জানায়, প্রতিষ্ঠানটি এখন থেকে ‘এআই কম্পিউট ইনফ্রাস্ট্রাকচার’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নিয়ে কাজ করবে। নতুন এ যাত্রায় প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘নিউবার্ড এআই’।

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) মধ্যে কোম্পানিটি ৫ কোটি ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের একটি চুক্তি সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে। মূলত হাই-পারফরম্যান্স এআই কম্পিউট হার্ডওয়্যার সংগ্রহ করা এবং দীর্ঘমেয়াদি লিজের মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণ করাই হবে নিউবার্ডের প্রাথমিক লক্ষ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, একসময়ের ৪০০ কোটি ডলার মূল্যের ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানটি গত মাসেই ব্র্যান্ডের সম্পদ ‘আমেরিকান এক্সচেঞ্জ গ্রুপ’-এর কাছে বিক্রির চুক্তি করেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ওয়াল স্ট্রিটে এআই খাতের ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগাতেই মূলত কোম্পানিটির এ রূপান্তর। যদিও এনভিডিয়ার মতো বড় সব প্রতিষ্ঠান এ বাজারে আধিপত্য বিস্তার করছে, তবে সংকটে থাকা কোম্পানিগুলোর এমন জনপ্রিয় কোনো খাতে যুক্ত হয়ে শেয়ারদরে পতন ঠেকানোর ইতিহাস আগেও দেখা গেছে। বিটকয়েন বা ব্লকচেইন বিপ্লবের সময়েও অনেক প্রতিষ্ঠান একইভাবে ব্যবসার রূপ বদলে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল। অলবার্ডসের এ রূপান্তর শেষ পর্যন্ত কতটা টেকসই হয়, এখন সেটিই দেখার অপেক্ষায় আছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..