এসএসসি পরীক্ষা

কেন্দ্রের সামনে কোচিং সেন্টারের প্রচারণা, ক্ষুব্ধ অভিভাবকরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২১, | ১৩:০৮:৪৩ |
রাজধানীর মতিঝিল এলাকায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর সামনে পরিচিত-অপরিচিত অনেকগুলো কোচিং সেন্টারের প্রচারণা চালাতে দেখা গেছে। কোনো কোনো কোচিং সেন্টারের পক্ষ থেকে অভিভাবকদের জন্য হাতপাখার ব্যবস্থাও করা হয়েছে। তবে লিফলেট হাতে ধরিয়ে চাওয়া হচ্ছে শিক্ষার্থীর নাম, মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য। এতে বিরক্ত হয়ে লিফলেট বিতরণকারীর ওপর ক্ষিপ্ত হয়ে ঝাড়তে দেখা গেছে অনেককে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সামনে ঘুরে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ভর্তির জন্য অনেকগুলো কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রচারণা চালাতে দেখা যায়।

কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, উদ্ভাস কোচিং সেন্টারের পক্ষ থেকে এইচএসসি ভর্তির অফলাইন ও অনলাইন অফার দিয়ে লিফলেট বিতরণ করা হচ্ছে। শুরুতে এই কোচিং সেন্টারের প্রচারক টিম লিফলেটের সঙ্গে একটি করে হাতপাখা তুলে দেয় অভিভাবকদের হাতে। কিন্তু, অল্প কিছু সময়ের মধ্যেই হাতপাখা শেষ হয়ে যাওয়ায় তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন অনেক অভিভাবক। অনেকে বলেন, যদি এই গরমের মধ্যে সবাইকে হাতপাখা না দিতে পারেন, তাহলে কিছু সংখ্যকের হাতে দিতে গেলেন কেন? অনেকে আবার তাদের অফিস থেকে আরও হাতপাখা নিয়ে আসার জন্য বলেন।

মতিঝিলের প্রায় প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে উদ্ভাসের ৮-১০ সদস্যের একটি প্রচারক টিম কাজ করছে। তারা অভিভাবকদের হাতে লিফলেট তুলে দিয়ে শিক্ষার্থীর নাম, বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছেন। অনেক অভিভাবক তাদের সন্তানের তথ্য কোচিং সেন্টারের কাছে দিতে অনিহা প্রকাশ করছেন। কেউ আবার ক্ষিপ্ত হয়ে এই তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে হয়রানি হিসেবে উল্লেখ করছেন।

শুধুমাত্র উদ্ভাস কোচিং সেন্টারই নয়, মতিঝিলের পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে আরো অন্তত ৬-৭টি কোচিং সেন্টারের পক্ষ থেকে কয়েক জনের ক্ষুদ্র ক্ষুদ্র টিমে প্রচারণা চালাতে দেখা যায়। এর মধ্যে মেন্টরস, সাইফুরস এবং গ্লোরিয়াস সহ বেশ কয়েকটি পরিচিত কোচিং সেন্টারও রয়েছে। এছাড়া অপরিচিত স্থানীয় কয়েকটি কোচিং সেন্টারের পক্ষ থেকেও প্রচারণ চালাতে দেখা গেছে।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে একজন অভিভাবক বলেন, শিক্ষার্থীদের নাম-মোবাইল নম্বর লিখে নেওয়ার নামে কোচিং সেন্টারগুলো অভিভাবকদের হয়রানি করছে। যদি শিক্ষার্থীদের কোচিং সেন্টারে ভর্তি হওয়ার প্রয়োজন হয়, তাহলে পরীক্ষা শেষে তারা নিজেরাই যোগাযোগ করবে। এখানে অনেক অখ্যাত কোচিং সেন্টারের পক্ষ থেকে ফ্রি ক্লাসসহ লোভনীয় অফার দিয়ে আকৃষ্ট করার চেষ্টা চলছে। যেগুলোতে ভালো শিক্ষক নেই, তবুও প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে প্রতারণা করতে চাচ্ছে তারা।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এবার ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় বসছে। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম সিলেট বোর্ডে।  

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..