সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৯, | ১২:২৫:৪৪ |
বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাব-পোস্ট অফিসের পাশাপাশি এখন থেকে নৈশকালীন ডাকঘর বা দ্বিতীয় শিফটে ডাকসেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ডাক অধিদপ্তর। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই উদ্যোগের ফলে বিচারপ্রার্থী ও আইনজীবীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে।

ডাক অধিদপ্তর থেকে জারি করা পত্রে জানানো হয়েছে, জনসাধারণের ডাকসেবা গ্রহণের সুবিধা এবং সরকারি কাজের স্বার্থে হাইকোর্ট উপ-ডাকঘরের গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে এই নৈশকালীন ডাকঘর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোস্টমাস্টার জেনারেল (মেট্রোপলিটন সার্কেল, ঢাকা) বরাবর পাঠানো ওই পত্রে দ্বিতীয় শিফট চালু করার পর পরবর্তী তিন মাসের ‘ভ্যালু রিটার্ন’ সম্বলিত প্রতিবেদন অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড এস এম আরিফ মন্ডল ডাক অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছিলেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেছিলেন, উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ আদেশ ও আইনজীবীদের জরুরি চিঠিপত্র দ্রুত আদান-প্রদানের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি সান্ধ্যকালীন বা ‘বি-গ্রেড’ ডাকসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই দ্বিতীয় শিফট চালু হওয়ার ফলে প্রতি কার্যদিবসে রাত সাড়ে আটটা পর্যন্ত গ্রাহক সেবা গ্রহণ করা যাবে। 

এর ফলে, বিচারপ্রার্থী জনসাধারণের কাছে অতি দ্রুত আইনি চিঠিপত্র পাঠানো সম্ভব হবে। ফৌজদারি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিনের আদেশগুলো দ্রুততম সময়ে সংশ্লিষ্ট জেলা জজ আদালতে পৌঁছাবে। অনলাইনে জামিনের আদেশ পাঠানো হলেও দাপ্তরিক প্রক্রিয়ায় ডাকযোগের মূল আদেশের গুরুত্ব অপরিসীম; নতুন এই ব্যবস্থার ফলে ডাকযোগে আদেশ পৌঁছাতে আর বিলম্ব হবে না। দ্রুত ডাকসেবা নিশ্চিত হওয়ায় একজন নিরাপরাধ মানুষ উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত জেলখানা থেকে মুক্তি পাবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..