বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে। বর্তমানে দুই আসনেই ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য বলছে, দুই আসনের মধ্যে শেরপুর-৩ আসনে ভোট পড়েছে ৫০ দশমিক ৫২ শতাংশ, আর বগুড়া-৬ আসনে ভোট পড়েছে ৪২ দশমিক ৩৮ শতাংশ।
এ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট চলাকালে জামায়াতের প্রার্থী বিভিন্ন অনিয়মের অভিযোগ তুললেও শেষ পর্যন্ত ভোট বর্জন না করে ফলাফলের জন্য অপেক্ষার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট চলাকালে বিকেল ৩টার দিকে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। ১৫০টি কেন্দ্রে ৮৩৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আর শেরপুর-৩ আসনে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার রয়েছেন। ১২৮টি কেন্দ্রে ৭৫১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ জাতীয় আরো খবর..