অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ২২:০৪:৩৬ |
‘ডিপ স্টেট’ বা পর্দার আড়ালের প্রভাবশালী শক্তি অন্তর্বর্তী সরকারকে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় রাখার পরিকল্পনা করেছিল। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই বিস্ফোরক দাবি করেছেন। ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পূর্ণাঙ্গ প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেন। 


বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে এই সভার হয়।

আসিফ মাহমুদ জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর পরই প্রভাবশালী মহলটি তাদের সঙ্গে যোগাযোগ করে। শেখ হাসিনার মেয়াদকাল অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তারা বলেছিল, ‘আপনারা মেয়াদ পূর্ণ করুন, আমরা সহযোগিতা করব।’

এই প্রস্তাবের সঙ্গে কিছু কঠিন শর্ত ছিল। বিশেষ করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নির্বাচন থেকে দূরে রাখার কৌশল বাতলে দেওয়া হয়। আসিফ মাহমুদের অভিযোগ, বিরোধী নেতাদের মামলা দীর্ঘায়িত করে নির্বাচনে অংশগ্রহণ ঠেকানোর পরিকল্পনাও এতে ছিল। 

তিনি বলেন, ‘আমাদের কাছে একটি রোডম্যাপ দেওয়া হয়েছিল। কীভাবে আদালতের প্রক্রিয়া দীর্ঘ করে নির্বাচনি প্রতিযোগিতা সীমিত রাখা যায়, সেটিও জানানো হয়। নির্দিষ্ট নেতাদের সাজা বহাল রেখে বাইরে রাখার পরিকল্পনা এতে অন্তর্ভুক্ত ছিল।’

নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য তারা আগেভাগে পদত্যাগ করেছেন বলে জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘ডিপ স্টেট পাশে থাকলে সংবিধানের অজুহাতে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার পথ তৈরি হতো। আমরা সেই সমঝোতায় যাইনি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..