শরীয়তপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ২০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১৯:৫৬:০৪ |
শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।

সোমবার (২৩ মার্চ) ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা দরবেশকান্দি গ্রামে থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটের স্লিপে নাম ভুল হওয়া নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। ওই ঘটনার জের ধরে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও হাতবোমা ব্যবহার করে। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে চারজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে থাকায় গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।

এ বিষয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..