✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১৩:০০:১৫ |ঢাকার লালবাগের পোস্তা এলাকার বাসা থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ বছর বয়সী ফারহান রহমান জিহাদ ইসলামবাগ আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাসার ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই স্কুলছাত্রকে উদ্ধার করেন স্বজনরা।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সাড়ে ৮টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানিয়েছেন।
দুই ভাই এক বোনের মধ্যে জিহাদ সবার ছোট, বাবার নাম ফজলুর রহমান। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচড় উপজেলায়। পরিবারটি লালাবাগ এলাকায় ওই ভাড়া বাসায় থাকে।
জিহাদের বন্ধুদের বরাতে তার বড়ভাই ফাহিম রহমান রুদ্র বলেন, জিহাদের বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি একই স্কুলে একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দুপুরে তারা একসঙ্গে ঘুরতে বের হয়েছিল। বাসায় ফিরে সন্ধ্যায় মোবাইলে কথা বলছিল জিহাদ। এর মধ্যে ঝগড়াঝাটি করে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা খুলেনি। পরে দরজা ভেঙে দেখা যায়, জিহাদ ফ্যানের সঙ্গে গলায় উড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় রয়েছে। তাকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিদর্শক ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। স্বজনরা আত্মহত্যার কথা বলেছেন, বিষয়টি যাচাই করার পাশাপাশি আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।