অভূতপূর্ব এক রায়ে কেড়ে নেওয়া হয়েছে আফ্রিকান কাপ অব নেশনস-২০২৫ (অ্যাফকন) জয়ী সেনেগালের শিরোপা। ফাইনাল ম্যাচে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়েছে মরক্কোকে।
গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এই সিদ্ধান্ত জানিয়েছে।
২৬-এর জানুয়ারির ১৮ তারিখে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় সেনেগাল ও মরক্কো। সেই ম্যাচে সেনেগাল ১-০ গোলে জয় পায়। তবে, ম্যাচ চলাকালীন প্রায় শেষ সময়ে মরক্কোকে দেওয়া একটি পেনালটির প্রতিবাদে সেনেগালের কোচ পেপ থিয়াও এবং বেশ কয়েকজন খেলোয়াড় মাঠ ছেড়ে বেড়িয়ে যান। খেলা বন্ধ থাকে ১৫ মিনিট। পরে ব্রাহিম দিয়াজ পেনাল্টিটি মিস করলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেসময় পেপ গেয়ের গোলে জয় পায় সেনেগাল।
প্রাথমিক শাস্তিমূলক শুনানিতে সিএএফ সেনেগাল ও মরক্কোর খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর ১০ লাখ ডলারের বেশি জরিমানা এবং নিষেধাজ্ঞা আরোপ করলেও, ম্যাচের ফলাফল অপরিবর্তিত রাখে। কিন্তু গতকাল দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি সেনেগালের শিরোপা বাতিলের কথা জানিয়েছে।
বিবৃতিতে সংস্থাটি জানায়, সিএএফ আফ্রিকা কাপ অফ নেশনস -এর নিয়মাবলির ৮৪ নং ধারা প্রয়োগ করে, সেনেগাল জাতীয় দলকে আফ্রিকা কাপ অফ নেশনস মরক্কো ২০২৫-এর ফাইনাল ম্যাচে ‘ফর ফিট’(খেলা থেকে বাদ) ঘোষণা করা হলো এবং ম্যাচটির ফলাফল ফেডারেশন রয়্যাল মারোকাইন ডি ফুটবল-এর পক্ষে ৩-০ গোলে নথিভুক্ত করেছে আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী।
এখানে সিএএফ তার মেজর ইভেন্টের টুর্নামেন্ট বিধিমালার ৮২ নং ধারা উল্লেখ করে আপিলে বলবৎ করা রায়কে ন্যায্য প্রমাণ করেছে। যেখানে বলা হয়েছে, যদি কোনো দল যে-কোনো কারণেই হোক প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় বা কোনো ম্যাচে উপস্থিত না হয়, খেলতে অস্বীকৃতি জানায় অথবা রেফারির অনুমতি ছাড়া ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার আগে মাঠ ছেড়ে চলে যায়, তবে সেই দলকে পরাজিত বলে গণ্য করা হবে এবং চলতি প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া হবে।
এই সিদ্ধান্তের পর সেনেগালের ফুটবলার সাদিও মানে তার ইনস্টাগ্রাম স্টোরিতে শিরোপার ছবি শেয়ার দিয়ে লিখেছেন, বিশ্ব আসল চ্যাম্পিয়নদের চেনে।
এছাড়া এই রায় আফ্রিকার জন্য লজ্জাজনক বলে জানিয়েছেন সেনেগাল ফুটবল ফেডারেশনের মহাসচিব আবদুলায়ে সাইদু সো। পাশাপাশি আপিল করার কথাও জানান তিনি।
মরক্কোর ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ফেডারেশন স্মরণ করিয়ে দিতে চায় তাদের এই পদক্ষেপের উদ্দেশ্য কখনোই এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর ক্রীড়ানৈপুণ্যকে চ্যালেঞ্জ করা ছিল না, বরং এর একমাত্র উদ্দেশ্য ছিল প্রতিযোগিতার নিয়মাবলি প্রয়োগের অনুরোধ জানানো।
এই রায়ে মরক্কো ১৯৭৬ সালের পর তাদের প্রথম আফ্রিকান শিরোপা পেল, আর সেনেগাল তাদের দ্বিতীয় শিরোপা থেকে বঞ্চিত হলো। যেটি ছিল কাপ অব নেশনসের সর্বশেষ তিন আসরে সেনেগালের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০২১ সালে শিরোপা জিতেছিল তারা।